ভারতীয় পণ্যের মডেল হচ্ছেন তানজিন তিশা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তানজিন তিশা
তানজিন তিশা

ভারতীয় একটি পণ্যের মডেল হচ্ছেন বাংলাদেশের ছোট পর্দার মডেল ও অভিনেত্রী তানজিন তিশা। পণ্যটির নাম ‘কাভেরি মেহেদী’। কাজটি করার জন্য গতকালই চুক্তিবদ্ধ হয়েছেন তিশা। বিজ্ঞাপনটি পরিচালনা করবেন কলকাতার শৌনক মিত্র।

এ ব্যাপারে তিশা বলেন, ‘দেশের বাইরের একটি পণ্যের বিজ্ঞাপন করতে যাচ্ছি। চুক্তিও হয়ে গেছে। বিজ্ঞাপনটির ডেমো দেখেছি। ভালো লেগেছে।’

কিভাবে সুযোগ হলো? তিশা বলেন, ‘প্রথমে কলকাতা থেকে ওই প্রতিষ্ঠানের একজন কর্মকর্তা আমাকে ফোন করেছিলেন। এরপর ওখান থেকে পরিচালকও আমার সঙ্গে কথা বলেছেন। তাঁদের সঙ্গে কথা বলে জেনেছি, বিজ্ঞাপনটির বাজেট অনেক বড়। পরিচালকও ভালো। শুধু বাংলাদেশেই না, ভারতের বিভিন্ন চ্যানেলেও বিজ্ঞাপনটির প্রচার হবে।’

তিশা জানান বিজ্ঞাপনটি হবে জিঙ্গেলভিত্তিক, বিয়ের আবহে। আগামী ১৩ ফেব্রুয়ারি কলকাতার লোকেশনে বিজ্ঞাপনটির শুটিং হবে। তার আগে ১১ ফেব্রুয়ারি তিশা কলকাতা যাবেন।