ভাড়াটে নাট্যকর্মী!

বন্যা মীর্জা নাকি এখন ‘ভাড়াটে নাট্যকর্মী’ হিসেবে কাজ করছেন? বন্যার হলোটা কি?
না, ঘাবড়াবেন না। নতুন একটি ধারাবাহিকে ‘ভাড়াটিয়া নাট্যকর্মী’ চরিত্রে অভিনয় করেছেন বন্যা মির্জা। যিনি মফস্বলের একটি থিয়েটারের নাটকে অভিনয়ের জন্য নির্দিষ্ট ভাড়ায় চলে আসেন। তাকে নিয়ে থিয়েটার কর্মীদের মধ্যে শুরু হয় দ্বন্দ্ব। এভাবেই এগিয়ে চলে নাটকের গল্প।
জেলা শহরের থিয়েটারের ঘটনা নিয়েই এমন একটি ধারাবাহিক নির্মাণ করেছেন কচি খন্দকার। নাম আসিতেছে দুটি মন দুটি আশা। এমন একটি চরিত্রে অভিনয় প্রসঙ্গে বন্যা মির্জা বলেন, ‘আমি নাটকে একজন পেশাজীবি শিল্পী হিসেবে অভিনয় করেছি। এটাকে ভাড়াটিয়া নাট্যকর্মী বললেও ভুল হবে না। একটা সময় মফস্বলের ছোট ছোট থিয়েটারগুলো নারী অভিনেত্রী পেত না। তারা বিভিন্ন অঞ্চল থেকে অভিনেত্রী ভাড়া করে আনতো। দেখা যেত, সে অভিনেত্রী কোথায় থাকবে, কি খাবে, কেমন পোশাক পড়বে এসব নিয়ে থিয়েটারে ঝামেলা লেগে গেছে। কচি খন্দকার ঠিক এই জিনিষটাই নাটকে তুলে ধরেছেন।’
আসিতেছে দুটি মন দুটি আশা ছাড়াও বন্যা মির্জা বেশ কয়েকটি ধারাবাহিকে অভিনয় করছেন।