সরকারি কোয়ার্টার যেমনটা হয়, তেমনই একটি কোয়ার্টার আছে রাজধানীর বিজয় সরণি-তেজগাঁও ফ্লাইওভারের নিচে। তার সামনের অংশ বেশ ফাঁকা। কাপড় শুকাতে দেওয়া হয়েছে ফাঁকা মাঠের মধ্যে টানিয়ে রাখা রশিতে। সেসবের এক ফাঁকে চালু হয়েছে ক্যামেরা। ক্যামেরার সামনে দিয়ে হেঁটে যাচ্ছেন বেসিক আলী ও হিল্লোল। উল্টো দিক থেকে আসা একটি গাড়ি দাঁড়ায় তাঁদের সামনে। ভেতর থেকে বের হন বেশ কয়েকজন ভিক্ষুক। পোশাকে ভিক্ষুক হলেও কথাবার্তায় ভীষণ স্মার্ট তাঁরা। বেসিককে জানালেন, তাঁরা একটি কনসার্ট করবেন। তারই আগাম প্রস্তুতি নেওয়া হচ্ছে এখন। হাতে গিটারও আছে।

এবার কনসার্টের দৃশ্য। তবে সেটি হবে বাংলাদেশ ইউনিভার্সিটি অব টেক্সটাইলের মিলনায়তনে।
পরের দৃশ্যের প্রস্তুতির ফাঁকে কথা হলো কার্টুনিস্ট শাহরিয়ারের সঙ্গে। প্রথম আলোতে তাঁর আঁকা জনপ্রিয় কার্টুন স্ট্রিপ বেসিক আলী নিয়ে নির্মিত টিভি সিরিজ প্রসঙ্গে বললেন, ‘বেসিক আলীর এটি দ্বিতীয় মৌসুমের শুটিং। এরই মধ্যে আমাদের প্রথম মৌসুম প্রচার হয়েছে অনলাইনে। এই মৌসুমে বেসিক আলীর প্রেমিকা রিয়ার চরিত্রে অভিনয় করছেন সাবিলা নূর। বেসিক আলীর চরিত্রে যথারীতি তৌসিফ মাহবুব।’
দ্বিতীয় মৌসুম পরিচালনা করছেন কাজল আরেফিন। সঙ্গে আছেন বেসিক আলীর বন্ধু হিল্লোল, রিকশাচালক গরীব–এ–নেওয়াজ, কয়েকজন ভিখারি।
পরিচালক জানালেন, আগে অনলাইনে প্রচার হলেও দ্বিতীয় মৌসুম প্রচারিত হবে টেলিভিশন চ্যানেলে। এ কারণে বাড়ছে প্রতিটি পর্বের দৈর্ঘ্য। সমানতালে চলছে প্রস্তুতিও।