ভিন্ন ভাবনায় ভাবনার 'অনুগমন'

সব সময়ই তো প্রায় একই রকম খাড়া বড়ি থোড় থোড় বড়ি খাড়া প্রেম নিয়ে নাটক, প্রায় একই লোকেশনেই শুটিংয়ের কাজ। এর থেকে বেরিয়ে ভিন্নতা খোঁজার ইচ্ছে কার না হয়! সম্ভবত তার খোঁজেই ছোট পর্দার অভিনেত্রী আসনা হাবিব ভাবনা এবারে একটু ভিন্ন গল্প, ভিন্ন ভাষা, ভিন্ন লোকেশনে কাজ করতে যাচ্ছেন। রংপুরের আঞ্চলিক ভাষায় রচিত নাটকটির নাম ‘অনুগমন’।
এ নাটকের গল্প ও চিত্রনাট্য মশিউল আলমের আর পরিচালনা করছেন অনিমেষ আইচ। রংপুরের আঞ্চলিক ভাষায় এই প্রথম কাজ করবেন ভাবনা। শহরে বেড়ে উঠলেও; ভাষাটা ভিন্ন হলেও, রংপুরের মেয়ে ভাবনা জানিয়েছেন— তাঁর জীবনের অনেকাংশ জুড়েই এই ভাষা।
এ প্রসঙ্গে ভাবনা বলেন, ‘আমার বাবার বাড়ি নীলফামারী। আমার দাদি-ফুফুরা এখনো আমার সঙ্গে কথা এ ভাষাতেই কথা বলেন। ফলে আমার কাছে এই কাজটি খুবই রোমাঞ্চকর হবে।’
‘অনুগমন’ নাটকে ভাবনাকে দেখা যাবে ‘বউ’ হিসেবে। এর গল্প প্রসঙ্গে তিনি জানিয়েছেন, এটি রংপুরের প্রত্যন্ত অঞ্চলের অভাব ও প্রেমের গল্প।
নাটকটি নিয়ে ভাবনার মন্তব্য, ‘এক অভাবী দাম্পত্যের মধ্যে যে এত সহজ-সরলতা, গল্পটি না পড়লে বিশ্বাস করা যাবে না। পড়ার পর আমি রোমাঞ্চিত হয়েছি।’
নাটকটিতে ভাবনার স্বামী জয়নাল চরিত্রে অভিনয় করছেন রওনক হাসান।
পরিচালক অনিমেষ আইচ জানিয়েছেন, আগামী ১২, ১৩ ও ১৪ সেপ্টেম্বর রংপুরের বিভিন্ন লোকেশনে এ নাটকের শুটিং শুরু হবে।