ভিড়ের কারণে নামতে পারছিল না শুটিংয়ের হেলিকপ্টার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হেলিকপ্টার থেকে নামছেন নাটকের বাবর আলী
হেলিকপ্টার থেকে নামছেন নাটকের বাবর আলী

তুলাতুলি গ্রামের মানুষের ভেতর এক অজানা উত্তেজনা সকাল থেকে। স্কুল, কলেজ, ইউনিয়ন পরিষদ—সবকিছু বন্ধ হয়ে গেছে শুরু হতে না হতেই। সবাই ছুটছে সরকারি কলেজের মাঠের দিকে। কলেজের মাঠ যখন প্রায় জনসমুদ্র, তখন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের উপস্থিতি ষোলোকলা পূর্ণ করে। এখনো কেউ বিশ্বাস করতে পারছে না, এই পাড়াগাঁয়ের কলেজমাঠে কিছুক্ষণ পর নামবে হেলিকপ্টার। সবার অপেক্ষা ও উত্তেজনার সমাপ্ত ঘটিয়ে হেলিকপ্টার নিয়ে নামে এই গ্রামের ছেলে বাবর আলী।

এই হচ্ছে ‘বাবর আলীর হেলিকপ্টার’ নাটকের একটি মুহূর্ত। সেদিন শুটিং এ উৎসুক জনতার ভিড়ের কারণে ‘বাবর আলীর হেলিকপ্টার’ নাটকের হেলিকপ্টার নামতে এক ঘণ্টা দেরি হয়। শুটিং ইউনিট সবাইকে সরিয়ে দিয়ে তারপর হেলিকপ্টার নামায়। নাটকের রচয়িতা ও অভিনয়শিল্পী কামাল হোসেন বলেন, ‘মানিকগঞ্জে খোলা মাঠে শুটিংয়ের জন্য অনেক জনতা উপস্থিত ছিল। শুটিং দেরি করে শুরু হলেও অনেক ভিড়ের কারণে বেশ ভালো লাগছে। আশা করি, নাটকটি দর্শকের বেশ ভালো লাগবে।’

বাবর আলীর হেলিকপ্টার’ নাটকের শিল্পীরা
বাবর আলীর হেলিকপ্টার’ নাটকের শিল্পীরা

নাটকের গল্পে জানা যায়, এই বাবর আলী কয়েক বছর আগে চাষের কিছু জমি ও হালের দুই জোড়া গরু বিক্রির আর শ্বশুরবাড়ির যৌতুকের টাকা নিয়ে সৌদি পাড়ি জমায়। লোকমুখে শোনা যায়, সে এখন সৌদির শেখ। হেলিকপ্টারটাও তার নিজের টাকায় কেনা। বাবর গ্রামের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য অসংখ্য সৌদি ভিসা প্রদানের ঘোষণা দেওয়ার পর থেকে সবার মধ্যমণি বনে যায়।
গ্রামের চেয়ারম্যান পক্ষ ও চেয়ারম্যানের বিপক্ষ—সবাই এখন বাবর আলীর পেছনে ধরনা দেয়। কেই কেউ বুদ্ধি দেয় এমপি নির্বাচন করার। গ্রামজুড়ে তখন বাবর আলীকে নিয়ে গল্প জমে ওঠে।
নাটকে অভিনয় করেছেন শামীমা নাজনীন, নোভা, কামাল হোসেন, শামীমা তুষ্টি, ফারুক আহমেদ, সোহান খান প্রমুখ। কামাল হোসেন বাবরের রচনা এবং এম আর মিজানের পরিচালনায় নাটক ‘বাবর আলীর হেলিকপ্টার’ বাংলাভিশনে প্রচার হবে ঈদের ষষ্ঠ দিন রাত ১১টা ৫৫ মিনিটে।