ভুয়া ইনস্টাগ্রাম আইডি নিয়ে বিড়ম্বনায় অপূর্ব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জিয়াউল ফারুক অপূর্ব।
ছবি:সংগৃহীত

ছোট পর্দার অভিনেতা অপূর্বের নামে কে বা কারা ইনস্টাগ্রামে ভুয়া আইডি খুলেছেন। সেই আইডি থেকে নিয়মিত এই অভিনেতার ভক্তদের সঙ্গে যোগাযোগ করছেন ভুয়া অপূর্ব। এ ছাড়া ফোন নম্বর সংগ্রহ করে ভক্ত ও পরিচিতজনদের সঙ্গে উল্টাপাল্টা ও অশালীন কথা বলছেন। এই ভুয়া ইনস্টাগ্রাম আইডি নিয়ে বিড়ম্বনায় অভিনেতা অপূর্ব। জিডিও করেছেন তিনি।

বড় ছেলেখ্যাত অভিনেতা অপূর্ব ভুয়া ইনস্টাগ্রাম আইডির স্ক্রিনশট দিয়ে ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ‘এই ভুয়া আইডিতে সবাই গিয়ে রিপোর্ট করুন।’ স্ট্যাটাসের নিচে মন্তব্যের ঘরে ভুয়া আইডির লিংক দিয়ে লিখেছেন, ‘এই আইডি থেকে আমার বিভিন্ন ফ্যানের সঙ্গে নোংরামি করা হচ্ছে। সবাই রিপোর্ট মেরে ফেক আইডি বন্ধ করুন।’

জিয়াউল ফারুক অপূর্ব
ফেসবুক থেকে সংগূহীত

ভুয়া আইডি প্রসঙ্গে অপূর্ব বলেন, ‘কে বা কারা আমার নাম ব্যবহার করে অনেক দিন ধরে ভুয়া একটি ইনস্টাগ্রাম আইডি চালাচ্ছেন। সেই ব্যক্তি আমার ভক্ত ও পরিচিতজনদের মিথ্যা তথ্য দিয়ে চ্যাট করছেন। ফোন নম্বর নিয়ে যোগাযোগ করছেন। যতটুকু জেনেছি, অনেকের সঙ্গে বাজে ভাষায় কথাও বলেছেন। আইডিটির জন্য আমি যেকোনো সময় বিপদে পড়তে পারি। ভক্ত ও পরিচিতজনদের বলব, প্রয়োজনে আপনারা সঠিক আইডি এবং অ্যাকাউন্টে আমার সঙ্গে যোগাযোগ করুন।’

এই অভিনেতার ফেসবুক ও ইনস্টাগ্রাম আইডি ভ্যারিফায়েড। তারপরও অনেকেই ভুয়া আইডির ব্যক্তির সঙ্গে যোগাযোগ করছেন। সেই আইডির নাম অপূর্ব ডট ফারুক। ভুয়া এই আইডিটিতে পাঁচ লক্ষাধিক অনুসারী। তিনি অনুসরণ করেন ১১৭ জনকে।

জিয়াউল ফারুক অপূর্ব। ছবি : সংগৃহীত

তাঁর পোস্টের সংখ্যা দেড় হাজারের বেশি। ভুয়া অপূর্ব তাঁর ইনস্টাগ্রাম পোস্টে মেহ্জাবীন, তানজিন তিশা, পলাশ, ফারিয়াসহ অনেকের ছবি শেয়ার করে। অন্যদিকে অ্যাক্টর ডট অপূর্ব নামে এই অভিনেতার ভ্যারিফায়েড ইনস্টাগ্রামে অনুসারী ৪ লাখ ৩৫ জন। তিনি অনুসরণ করেন ১৭ জনকে। অপূর্ব বলেন, ‘ভক্তরা একটু সচেতন হলেই বিড়ম্বনা এড়ানো যায়। আমি কাজের খবর এবং আমার ছবির বাইরে কখনো অন্য কারও ছবি শেয়ার করি না। কিন্তু ভুয়া সেই ইনস্টাগ্রামে অনুসারী বেশি দেখে অনেকেই তাঁকে আসল মনে করেন। কারণ, সেটা অনেক আগে খোলা। এখন সবার একটু সচেতন হওয়া দরকার।’

ভুয়া আইডিটি নজরে এলে উত্তরা পূর্ব থানায় গত বছর একটি জিডি করেন এই অভিনেতা। জিডিতে উল্লেখ করেন, ‘আমার নামে কে বা কাহারা একটি ভুয়া অ্যাকাউন্ট খুলিয়া আমার এত দিনের অর্জিত সুনাম নষ্ট করার জন্য ইনস্টাগ্রামের মাধ্যমে মানুষদের বিভ্রান্ত করছে। আশঙ্কা করছি, আমাকে হেয়প্রতিপন্ন করার জন্য অ্যাকাউন্টটি খোলা হয়েছে।’

জিয়াউল ফারুক অপূর্ব। ছবি : সংগৃহীত

অপূর্ব বলেন, ‘আমি গত বছরের শেষে জিডি করেছি। এখন তথ্যপ্রযুক্তির এই যুগে যেকোনো অঘটন ঘটতে পারে। যেকোনো সময় আমার বড় ধরনের ক্ষতি করতে পারে বলে আশঙ্কা করেই জিডি করা। কর্তৃপক্ষকে অনুরোধ করব, ভুয়া আইডিটি বন্ধ করা হোক।’