ভূতের নাটকে সামিনা চৌধুরী

গানের মানুষ সামিনা চৌধুরী গান নিয়েই বেশ ছিলেন। সম্প্রতি নাম লিখিয়েছেন অভিনয়ে। মাস তিনেক আগে মিডনাইট ব্ল্যাক কফি নাটক দিয়ে শুরু করেন অভিনয়। ওই নাটকের পরিচালক ছিলেন তারিক মুহাম্মদ হাসান। এবার একই পরিচালকের আরও একটি নাটকে অভিনয় করছেন সংগীতশিল্পী সামিনা চৌধুরী। আগের গল্পটি ছিল থ্রিলারধর্মী। এবারেরটা ভূতের। নাম দ্য ঘোস্ট হাউস। এই নাটকে তিনি এক বাড়িওয়ালির চরিত্রে অভিনয় করছেন। তাঁর বাড়িটি ঘিরেই আসলে নাটকের রহস্য দানা বেঁধে ওঠে।
নতুন নাটকে অভিনয় নিয়ে সামিনা বলেন, ‘মিডনাইট ব্ল্যাক কফিতে অভিনয় করেছিলাম পরিচালকের অনেক অনুরোধের পর। আর এবারের নাটকটির চিত্রনাট্য আমার খুব পছন্দ হয়েছে। তাই এবার আর খুব অনুরোধ করতে হয়নি।’
তা হলে কি নাটকে নিয়মিত হচ্ছেন সামিনা চৌধুরী? ‘নিয়মিত কি না, বলতে পারব না। তবে ভালো লাগলে করব। আমি সব সময় আমার ভালো লাগার বিষয়টিকে প্রাধান্য দিই।’
পরিচালক জানান, এই নাটকে আরও অভিনয় করছেন ঈশানা, শামীম ভিস্তিসহ অনেকে। গতকাল সোমবার ধানমন্ডি ও বেইলি রোডের বিভিন্ন জায়গায় শুরু হয়েছে নাটকটির শুটিং।
শুটিং শেষে ৩১ ডিসেম্বর একটি বেসরকারি চ্যানেলে সম্প্রচারের কথা রয়েছে দ্য ঘোস্ট হাউস নাটকটির।