ভোর পাঁচটায় প্রভাতফেরির পর...

সাজঘরের সোফায় ঘুমিয়ে আছেন অভিনেতা কায়েস চৌধুরী। কাচের দরজার ওপারে আরেকটি সোফায় ঘুমাচ্ছেন অভিনেত্রী সুষমা সরকার। সংলাপে চোখ বোলাচ্ছেন স্পর্শিয়া। তাঁর কাছ থেকে জানা গেল, কিছুক্ষণ আগে তিনিও ঘুরে এসেছেন ঘুমের দেশ থেকে। সাধারণের মনে প্রশ্ন জাগবেই, ঘুমঘোরে যদি ডুবে থাকে শুটিং সেট, তা হলে কাজ হবে কী করে? জবাবটা দিলেন স্পর্শিয়াই। বললেন, ‘আমাদের কাজ শুরু হয়েছে ভোর পাঁচটা থেকে। ভোরবেলায় ঢাকার রাস্তায় প্রভাতফেরি করেছি আমরা। সেই থেকে শুটিং চলছে, রাত পর্যন্ত চলবে।’
একুশে ফেব্রুয়ারিতে মাছরাঙা টেলিভিশনে রাত ৮টা ২০ মিনিটে প্রচারের জন্য তৈরি হয়েছে নাটক অবরোধ। সেই নাটকের সেটেই দেখা গেছে এমন চিত্র। অবরোধ নাটকের পরিচালক তুহিন হোসেন। তিনি বলেন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শুদ্ধ বাংলা ভাষাচর্চার জন্য একটি অফিসের কয়েকজন কর্মীর এক অভিনব প্রতিবাদের গল্প নিয়ে নাটকটি তৈরি করা হচ্ছে। গল্পের কারণেই কাকডাকা ভোরে শিল্পীদের নিয়ে বেরোতে হয়েছে প্রভাতফেরিতে। নাটকটির গল্প সারওয়ার রেজার। এতে আরও অভিনয় করেছেন কায়েস চৌধুরী, শ্যামল মাওলা, সুজাত শিমুল ও দুজন ভিনদেশি শিল্পী।