মজা করতে করতে অভিনয়ে

তামিম মৃধা গান করেন। এসএ টিভির ‘বাংলাদেশ আইডল’ প্রতিযোগিতায় তাঁর অবস্থান ছিল ১৪ নম্বরে। গান করার পাশাপাশি বিভিন্ন সময় নানা মজার ভিডিওতে অংশ নিয়েছেন তিনি।
তামিমের ভাষায়, ‘সেগুলো মোটেও অভিনয় ছিল না, শুধুই মজা করা।’
এই মজার ভিডিওগুলো দেওয়া হতো ইউটিউবে। আর তা দেখে মজা পেয়েছেন অসংখ্য দর্শক। ইউটিউবে তামিমের এমনই এক ডজন ভিডিও আছে। এবার এই ভিডিওগুলো তামিমের জন্য একটি নতুন দরজা খুলে দিয়েছে। তিনি সুযোগ পেয়ে গেলেন এয়ারটেলের নতুন টেলিছবিতে। নাম মাংকি বিজনেস। পরিচালক রাহাত রহমান। টিভিতে দেখানো হবে এবার ভালোবাসা দিবসে।
তামিম বললেন, ‘ইউটিউবের ভিডিওগুলো দেখে এই টেলিছবির জন্য আমাকে নির্বাচন করা হয়েছে।’
এর আগে এয়ারটেলের টেলিছবিগুলোতে তারুণ্য, বন্ধুত্ব আর ভালোবাসাকে গুরুত্ব দেওয়া হয়েছে। তবে এবার তারুণ্যের পাশাপাশি প্রাধান্য দেওয়া হয়েছে পারিবারিক বন্ধনকেও। একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাফির মুখে তাঁর ও তাঁর পরিবারের গল্প। বাবা অন্য নারীর প্রতি দুর্বল, পুত্রবধূর ওপর বিরক্ত মা, অফিসে দুর্নীতির সঙ্গে জড়িত বড় ভাই, আর একক পরিবারের স্বপ্নে বিভোর ভাবি। এভাবেই মাংকি বিজনেস টেলিছবির গল্প এগিয়ে যায় নিজের গতিতে। রাফির চরিত্রে অভিনয় করেছেন তামিম। তাঁর বন্ধু সাবিলা।
শুটিং শেষ, এখন চলছে চূড়ান্ত সম্পাদনার কাজ।
মাংকি বিজনেস টেলিছবিতে আরও অভিনয় করেছেন তারিক আনাম খান, শহীদুজ্জামান সেলিম, ইরেশ যাকের, তৌসিফসহ অনেকে।