মধুচন্দ্রিমায় শিমু

এ বছরের আগস্টে বিয়ে করেন অভিনয়শিল্পী সুমাইয়া শিমু। বর নজরুল ইসলাম যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক বেসরকারি সংস্থা রিলিফ ইন্টারন্যাশনালের কান্ট্রি ডিরেক্টর হিসেবে কর্মরত আছেন। বিয়ের তিন মাসের মাথায় সম্প্রতি মধুচন্দ্রিমায় উদ্যাপন করতে গেলেন এ দম্পতি। শুরুতে তাঁরা মেলবোর্ন ঘুরেছেন এরপর সিডনিতেও বেড়িয়েছেন। সামনে আরও নানা জায়গায় ঘুরবেন বলে প্রথম আলোকে জানান সুমাইয়া শিমু।
শুক্রবার প্রথম আলোর সঙ্গে আলাপে শিমু জানান, ‘বিয়ের পর পরই সময় বের করা সম্ভব হয়নি। তাই এখন ঘুরতে বেরিয়েছি। বেশ মজার ঘোরাঘুরি হচ্ছে। এই মুহূর্তে (শুক্রবার) আমরা আছি নিউজিল্যান্ড। এরই মধ্যে এখানকার নানা জায়গা যেমন কুইন্সটাউন, ক্রাইস্টচার্চ, ওয়েলিংটন, অকল্যান্ড, হ্যামিলটন সিটিসহ ঘুরে বেড়িয়েছি।’
শিমু বলেন, ‘আমার কাছে তো মনে হচ্ছে, হানিমুন এর জন্য নিউজিল্যান্ড অসাধারণ একটা জায়গা। অদ্ভুত সুন্দর একটা দেশ। নিউজিল্যান্ড ঘোরা শেষ হলে আমরা চলে যাব, সিঙ্গাপুর। এরপর সেখানে কয়েকটা দিন কাটিয়ে বাংলাদেশে ফিরব। সব মিলিয়ে এক মাসের ভ্রমণ পরিকল্পনা। আশা করছি, দারুণ অভিজ্ঞতা নিয়েই দেশে ফিরব।’
অভিনয়শিল্পী সুমাইয়া শিমু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিজ্ঞান বিভাগ থেকে এমএসএস করেছেন। একই বিশ্ববিদ্যালয়ের ড্রামাটিকস বিভাগ থেকে পিএইচডি করছেন তিনি। অন্যদিকে নজরুল ইসলাম নিউজিল্যান্ডের মেসি বিশ্ববিদ্যালয় থেকে এমএস করেছেন।