মধুরালয়ের গল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পরিচালক আলভী আহমেদ (বাঁয়ে) দৃশ্য বুঝিয়ে দিচ্ছেন অপর্ণা, মৌটুসি ও দিলারা জামানকে
পরিচালক আলভী আহমেদ (বাঁয়ে) দৃশ্য বুঝিয়ে দিচ্ছেন অপর্ণা, মৌটুসি ও দিলারা জামানকে

গত সপ্তাহের কথা। বাড়ির প্রধান ফটক পার হতেই একজন ঠোঁটের মাঝ বরাবর আঙুল দিয়ে বুঝিয়ে দিলেন, চুপ থাকতে হবে। অগত্যা ফিসফাসের আশ্রয় নিতে হলো। রাজধানীর উত্তরার ৫ নম্বর সেক্টরের এই বাড়ির দোতলায় শুটিং চলছে। কথাসাহিত্যিক আনিসুল হকের রচনা ও আলভী আহমেদের পরিচালনায় ধারাবাহিক নাটক শ্বশুরালয় মধুরালয় নাটকের শুটিং।
পা টিপে টিপে সিঁড়ি ভেঙে ওপরে উঠতেই কানে এল আলভী আহমেদের চিৎকার। ‘অ্যাকশন’ বলে অপেক্ষা করলেন পাত্র–পাত্রীর সংলাপের জন্য। শুটিং চলছিল বারান্দায়। সেখানে সংলাপ দিচ্ছিলেন অপর্ণা ঘোষ ও দিলারা জামান। পাশেই দাঁড়ানো মৌটুসি বিশ্বাস। দিলারা জামান বললেন, ‘আসিফ ছেলেটা এই বাড়িতে কেন আসে?’ অপর্ণার উত্তর, ‘কেন আসে তুমি জানো না!’
সংলাপ চলতে থাকে। বোঝা যায়, নাটকে তাঁরা মা-মেয়ে। দৃশ্য শেষ হওয়ার পর আলভী নতুন দৃশ্যের লাইট ও সেট ডিজাইন করতে বললেন। মাঝের সময়টুকুতে জানালেন, নাটকটি নির্মিত হচ্ছে প্রচারের অপেক্ষায় থাকা একটি টিভি চ্যানেলের জন্য।
কথা হলো দিলারা জামানের সঙ্গে। পুরোপুরি পারিবারিক এই নাটকে পরিবারের কর্তা এই ‘মা’। বাস্তবেও কি এমন? বললেন, ‘সেই সুযোগ কই, আমার সন্তানেরা তো দেশের বাইরে থাকে।’ কথা বলতে বলতে পরের দৃশ্যের ডাক এল। উঠতে উঠতে অপর্ণা ও মৌটুসিকে দেখিয়ে বললেন, ‘এরাই আমার সন্তান। ওদের সঙ্গেই তো সারা দিন কাটাই।’