মধ্যরাতে হাসপাতালে, ভোরে অভিনেতার মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হঠাৎ অসুস্থ হয়ে গেলে বৃহস্পতিবার মধ্যরাতে হাসপাতালে ভর্তি করানো হয় মঞ্চ ও টেলিভিশন নাটকের অভিনয়শিল্পী শামীম ভিস্তিকে। ভোর সাড়ে চারটার দিকে হাসপাতাল কর্তৃপক্ষ থেকে এই অভিনয়শিল্পীর পরিবারকে জানানো হয়, মারা গেছেন শামীম ভিস্তি। প্রথম আলোকে মৃত্যুর খবর নিশ্চিত করেন অভিনয়শিল্পী সংঘের সভাপতি শহীদুজ্জামান সেলিম।

শামীম ভিস্তি
ছবি : সংগৃহীত


জ্যেষ্ঠ নাট্যকার, অভিনয়শিল্পী ও পরিচালক-অভিনেতা কায়েস চৌধুরীর মৃত্যুর কয়েক ঘণ্টার ব্যবধানে মঞ্চ ও টেলিভিশন নাটকের এই অভিনয়শিল্পীর মৃত্যুর খবরে হতবাক নাট্যাঙ্গনের অনেকে। অভিনয় শিল্পী সংঘের সভাপতি শহীদুজ্জামান সেলিম জানান, রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ভোর সাড়ে চারটায় ভিস্তির মৃত্যু হয়। তাঁর বয়স ছিল মাত্র ৫৫ বছর। চিকিৎসকের বরাতে তিনি জানিয়েছেন, মস্তিষ্কে রক্তক্ষরণের কারণেই তাঁর মৃত্যু হয়েছে।

শহীদুজ্জামান সেলিম জানালেন, ‘খোঁজ নিয়ে জানতে পেরেছি, সন্ধ্যা থেকে শারীরিকভাবে অসুস্থ অনুভব করছিলেন শামীম ভিস্তি। কয়েকবার নাকি বমিও হয়েছে। হাসপাতালে নিতে নিতে কিছুটা সময় লেগে যায়। প্রথমে একটি হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকেরা অন্য একটি হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। সেই হাসপাতালে ভর্তি শেষে ভোর সাড়ে চারটায় তো চিকিৎসাধীন অবস্থায় মারা যান। চিকিৎসকেরা আপ্রাণ চেষ্টা করেও তাঁকে সারিয়ে তুলতে পারেননি।’

শামীম ভিস্তির সেলফিতে তাঁর গুরু অভিনেতা, নাট্যকার ও পরিচালক কায়েস চৌধুরী
ছবি : সংগৃহীত


শহীদুজ্জামান সেলিম বললেন, ‘একের পর এক প্রিয়জনের মৃত্যুর খবর, কিচ্ছু ভালো লাগছে না। এক দিনেই আমাদের অভিনয় অঙ্গনের তিনজনের মৃত্যুর খবর পেলাম। কিছুই যদিও করার নেই, এটাই সৃষ্টিকর্তার নিয়ম। তবে প্রতিটি পরিবারকে শোক সইবার শক্তি দিক, এই দোয়া করি।’

শামীম ভিস্তি ও শতাব্দী ওয়াদুদ
ছবি : সংগৃহীত

নাটকের দল নাট্যচক্রর সদস্য শামীম ভিস্তি। একাধারে অভিনয় করতেন মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্রে। অভিনয় শিল্পী সংঘের গত আসরের নির্বাচনে সভাপতি পদেও নির্বাচন করেন এই অভিনেতা। শহীদুজ্জামান সেলিম বলেন, শামীম ভিস্তির প্রথম জানাজা হয় বেলা সাড়ে ১১টায় মিরপুরের বাসার সামনে। দ্বিতীয় জানাজা হয় বাদ জুমা মিরপুর-১ আকবর মসজিদে। তারপর মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয়েছে।