মন খোশ মোনালিসার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মোনালিসা
মোনালিসা

ছয় দিন হলো দেশে ফিরেছেন মডেল ও অভিনেত্রী মোনালিসা। যদিও এখনো কাজ শুরু করেননি, কিন্তু গতকাল বুধবার সকাল থেকেই মোনালিসার উত্তরার বাসায় ভিড় করেছিলেন টেলিভিশন ও সংবাদমাধ্যমের সাংবাদিকেরা। প্রথম আলোর সঙ্গে কথা বলার সময় এমন তথ্য দিলেন মোনালিসা। বহুদিন পর দেশে ফেরার পর তাঁকে নিয়ে সংবাদমাধ্যমের কর্মীদের ঔৎসুক্য আনন্দিত করেছে মোনালিসাকে।
মোনালিসা বলেন, ‘মডেলিং ও অভিনয়জীবনে দর্শকের অনেক ভালোবাসা পেয়েছি। তাঁদের ভালোবাসায় আমি মোনালিসা হয়েছি। এই দীর্ঘ যাত্রায় সব সময় সাংবাদিকেরা আমার পাশে ছিলেন। সহযোগিতা করেছেন। এত দিন পর দেশে ফিরে আবারও সেই বিষয়টি নতুনভাবে উপলব্ধি করলাম।’
মোনালিসা বলেন, ‘আমি ধারণাও করিনি যে সবাই এখনো আমাকে আগের মতোই মনে রেখেছেন। অনেকগুলো টিভি চ্যানেল আর পত্রিকার সাংবাদিকেরা বাসায় আসার পর নতুনভাবে এটা উপলব্ধি করলাম। অনেকের সঙ্গে আমার অনেক বিষয়ে কথা হয়েছে। তাঁদের আমার কাজের পরিকল্পনার কথাও জানিয়েছি। সবাই যেভাবে আমাকে স্বাগত জানিয়েছেন, আমি সত্যিই অভিভূত।’
বেশ কয়েক বছর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে থাকার পর ছয় দিন আগে ঢাকায় ফিরেছেন মোনালিসা। দেশে ফিরে কয়েক দিন চুপ থাকার পর গত মঙ্গলবার ফেসবুকে একটা পোস্ট দিয়ে দেশে ফেরার খবরটি সবাইকে জানান তিনি।