মনে হয় না নতুন কাজ প্রচারিত হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দীর্ঘ একটা সময় ঘরবন্দী তারকারা ঈদের শুটিং করতে পারেননি। ছবি: ফেসবুক থেকে
দীর্ঘ একটা সময় ঘরবন্দী তারকারা ঈদের শুটিং করতে পারেননি। ছবি: ফেসবুক থেকে

প্রতি ঈদে দর্শকের জন্য চ্যানেলগুলোতে থাকে বাড়তি আয়োজন। ৭ থেকে ১০ দিনব্যাপী চলে ঈদ অনুষ্ঠান। এ আয়োজনের মূলে একটি আকর্ষণ নাটক ও টেলিছবি। দীর্ঘ একটা সময় ঘরবন্দী তারকারা ঈদের শুটিং করতে পারেননি। কারণ, গত ২২ মার্চ থেকে নাটকের শুটিং স্থগিত। তাহলে এবারের ঈদ বিনোদন দর্শকের আগ্রহ মেটাবে কী করে?

সাত দিনব্যাপী ঈদ আয়োজন করে এনটিভি। প্রতিবার ঈদ আয়োজন পাকাপোক্ত থাকলেও এবার সেই চিত্র বদলে গেছে। এনটিভির অনুষ্ঠান ও যোগাযোগ বিভাগের জ্যেষ্ঠ কর্মকর্তা পাভেল ইসলাম বলেন, 'এখনো তেমন কোনো প্রস্তুতি নেই। প্রথমত, সব রকম শুটিং স্থগিত। আমাদের নিজস্ব নাটকগুলো গত মাসেই প্রস্তুত করা ছিল। এখন নাটক প্রচার নিয়ে কী করা যাবে, তা এ সপ্তাহে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে একটা সিদ্ধান্ত নেওয়া হবে।'

এবারও ঈদে এটিএন বাংলায় ১০ দিনব্যাপী অনুষ্ঠান প্রচার হবে বলে জানালেন এটিএন বাংলার অনুষ্ঠান এবং সম্প্রচার বিভাগের ভাইস প্রেসিডেন্ট কে এম মাহমুদ। তিনি বলেন, 'এই মুহূর্তে আমরা কাউকে নতুন করে শুটিংয়ের কথা বলতে পারি না। এ অবস্থায় নতুন–পুরোনো মিলিয়ে আমাদের নাটক প্রচার হবে। ৫০ ভাগ নাটক নতুন এবং ৫০ ভাগ আমাদের চ্যানেলে প্রচারিত দর্শকপ্রিয় নাটকের পুনঃপ্রচার হবে।'

ঈদ নাটকের শুটিং শুরুই করতে পারেননি অভিনেত্রী মেহ্‌জাবীন চৌধুরী । ছবি: ফেসবুক থেকে
ঈদ নাটকের শুটিং শুরুই করতে পারেননি অভিনেত্রী মেহ্‌জাবীন চৌধুরী । ছবি: ফেসবুক থেকে

বাংলাভিশন, আরটিভি, মাছরাঙা টিভিসহ বেশ কয়েকটি টেলিভিশনের সঙ্গে কথা বলে জানা গেছে, এবারের ঈদের অনুষ্ঠানমালায় নতুন নাটক প্রচারে কিছুটা ব্যত্যয় ঘটবে। প্রতিবছরেই ঈদে অভিনয়শিল্পী মোশাররফ করিমের বেশ কয়েকটি নাটক ঈদে প্রচার করা হয়। এ বছর তাঁর কতটি নাটক প্রচারিত হওয়ার সম্ভাবনা আছে, জানতে চাইলে তিনি বলেন, 'এই মুহূর্তে বলতে পারছি না। ১৭ মার্চের আগে ১০ থেকে ১৫টি নাটকের কাজ শেষ করেছিলাম। সেগুলো হয়তো ঈদে প্রচারিত হতে পারে।'

একটি সাত খণ্ডের ঈদ ধারাবাহিক, দু-তিনটা একক নাটক করার পর করোনায় সব কাজ বন্ধ করতে হয়েছে অভিনেতা চঞ্চল চৌধুরীকে। এ অভিনেতা বলেন, 'দুই ঈদকে কেন্দ্র করেই আমরা সবাই ব্যস্ত থাকি। এটা কাজের মৌসুম। মাত্র কাজ শুরু হয়েছিল। ঈদকে সামনে রেখে আমাদের প্রচুর কাজ হয়। ইন্ডাস্ট্রির এতগুলো চ্যানেল, এত নির্মাতা, আর্টিস্ট, এত টেকনিশিয়ান—সবাই এখন বেকার।'

ঈদ নাটকের শুটিং শুরুই করতে পারেননি অভিনেত্রী মেহ্‌জাবীন চৌধুরী। করোনায় স্থগিত করতে হয়েছে সব শুটিং। এ অভিনেত্রী বলেন, 'এবার মনে হয় না নতুন কোনো কাজ প্রচারিত হবে। আগে অল্প কিছু নাটক করা ছিল, সেগুলো হয়তো যাবে।'

টেলিভিশন প্রযোজকদের সভাপতি ইরেশ যাকের। ছবি: ফেসবুক থেকে
টেলিভিশন প্রযোজকদের সভাপতি ইরেশ যাকের। ছবি: ফেসবুক থেকে

নির্মাতা সাগর জাহান বলেন, 'আমরা উন্মুখ হয়ে থাকি ঈদের ভালো কাজ নিয়ে। এবার হবে না। এবার ঈদ নাটক নিয়ে আমার আগ্রহ অন্য জায়গায়। আমাদের যেসব নির্মাতা ১৫–১৬ বছর ধরে নাটক নির্মাণ করছেন, তাঁদের শুরুর দিকের অনেক ভালো নাটক এই প্রজন্মের দর্শক দেখেননি। সেগুলো চ্যানেল চাইলে চালাতে পারে। এটা করলে একসঙ্গে অনেক ভালো নাটক দেখতে পাবেন দর্শকেরা।'

গত ঈদে প্রযোজনা প্রতিষ্ঠান টেলিহোমের ৮০টির মতো নাটক প্রচারিত হয়েছিল। টেলিহোমের কর্ণধার আলী বশীর বলেন, 'আমরা মাত্র কাজ শুরু করেছিলাম। সেগুলো করোনার কারণে বাতিল করতে হয়েছে। ঈদের আগে নতুন করে শুটিং করার কোনো সম্ভাবনা আছে কি না কেউ জানি না। একটা সংকটের মধ্য দিয়ে এবারের ঈদ পার করতে হবে।'

টেলিভিশন প্রযোজকদের সভাপতি ইরেশ যাকের বলেন, 'প্রতিবছর ঈদের জন্য সাত শ থেকে আট শর বেশি নাটক নির্মাণ করা হয়। এই সময়ের আয় দিয়েই অনেকে বাকি সময় চলেন। সেই জায়গা থেকে আমাদের অনেক সহকর্মীদের সমস্যা হবে।