মহাপ্রাণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হ‌ুমায়ূন আহমেদ (১৩ নভেম্বর, ১৯৪৮-১৯ জুলাই, ২০১২)
হ‌ুমায়ূন আহমেদ (১৩ নভেম্বর, ১৯৪৮-১৯ জুলাই, ২০১২)

১৯ জুলাই কথাসাহিত্যিক হুুমায়ূন আহমেদের তৃতীয় প্রয়াণ দিবস। অভিনয়ের সূত্র ধরেই তাঁর সঙ্গে দীর্ঘ সময় কাটানোর সুযোগ হয়েছিল এজাজুল ইসলামের। তাই প্রিয় সাহিত্যিক ও নির্মাতাকে স্মরণ করে আজ লিখেছেন তিনি।

শ্রদ্ধেয় হুামায়ূন স্যারের সঙ্গে এক যুগের বেশি সময় কাজ করেছি আমি। অনেক আনন্দ আর বৈচিত্র্যে ভরা ছিল জীবনের সেই দিনগুলো। অনেক কাছ থেকে দেখেছি, মহাপ্রাণের এই মহাপুরুষকে।
কাপাসিয়ার ব্রহ্মপুত্র নদে শ্যামল ছায়া ছবির শুটিং হচ্ছিল। অনেক গরম ছিল তখন। সারা দিন নৌকার ওপরে শুটিং করছিলাম সবাই বেশ কদিন ধরে। একটুও ছায়া ছিল না। একটু বাতাসও ছিল না। হঠাৎ আমাদের এক বয়োজ্যেষ্ঠ শিল্পী হিটস্ট্রোকে আক্রান্ত হলেন। তাঁর অবস্থার অবনতি হচ্ছিল দ্রুতগতিতে। মুহূর্তের মধ্যে শুটিং স্পট যুদ্ধক্ষেত্রে পরিণত হয়ে গেল। শুরু হয়েছিল মানুষ বাঁচানোর যুদ্ধ। ব্রহ্মপুত্র নদের ভাটা থেকে, প্রত্যন্ত অঞ্চল থেকে, অতি আধুনিক হাসপাতালে নিতে হবে রোগীকে। লঞ্চে রোগী নিয়ে ছুটছিলাম, নদের ভাটা থেকে কাপাসিয়ার দিকে। এত জোরে লঞ্চ চলতে আমি দেখিনি কখনো। এরই মধ্যে আমাদের দলের দুজন কাপাসিয়ার ঘাটে অ্যাম্বুলেন্স নিয়ে তৈরি হয়ে গিয়েছিল। লঞ্চ কাপাসিয়ার ঘাটে পৌঁছানোর সঙ্গে সঙ্গে রোগীকে উঠিয়েছিলাম অ্যাম্বুলেন্সে। ছুটছিল অ্যাম্বুলেন্স। যথাসময়ে পৌঁছে গিয়েছিলাম হাসপাতালে। চিকিত্সকেরা ছিলেন অনেক আন্তরিক। সর্বোচ্চ চিকিত্সা দিয়েছিলেন সঙ্গে সঙ্গে। এরপর আমাদের সেই শিল্পী সুস্থ হয়ে উঠেছিলেন।
যে নারী শিল্পী হিটস্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন, তাঁকে আমি এনেছিলাম এক বয়স্ক পুনর্বাসনকেন্দ্র থেকে। স্থান ছেড়ে আসা মা সেদিন যেন তাঁর নতুন সন্তানদের খুঁজে পেয়েছিলেন। আর সবকিছুই হয়েছিল হুুমায়ূন স্যারের কড়া নির্দেশে। মানবিক যুদ্ধে এক মহান সেনাপতির আদেশে।
আমরা যখন বৃদ্ধাকে নিয়ে ঢাকার পথে, তখন স্যার আমাকে ফোন করে বলেছিলেন, ‘ডাক্তার, আমি যেন শুনতে না পাই, বৃদ্ধা মারা গেছেন।’
স্যার যখন নিউইয়র্কে খুব অসুস্থ হয়ে পড়েছিলেন, তখন একদিন মনটা খুব খারাপ হয়ে গিয়েছিল। গিয়েছিলাম নুহাশপল্লীতে। শ্বেতপাথরের জায়নামাজের এক কোনায় চুপ করে বসে ছিলাম। অনেক স্মৃতি চোখের সামনে ভাসছিল। চোখ ভিজে গিয়েছিল। হঠাৎ স্যারের সেই টেলিফোনের কথা মনে হলো, ‘ডাক্তার, আমি যেন শুনতে না পাই, বৃদ্ধা মারা গেছেন।’ আমার তখন ইচ্ছা করছিল, স্যারকে টেলিফোন করে বলি, ‘স্যার, আমি যেন শুনতে না পাই, আপনি মারা গেছেন।’
সেই বৃদ্ধা হয়তো এখনো বেঁচে আছেন, বেঁচে আছি আমরাও। কিন্তু যিনি আমাদের অসহায় মানুষদের পাশে সর্বোচ্চ শক্তি দিয়ে দাঁড়ানোর শিক্ষা দিয়ে গেছেন, তিনি বেঁচে নেই। আহা রে!