মা দিবসের অনুষ্ঠান উপস্থাপনায় শর্মিলী আহমেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শর্মিলী আহমেদের উপস্থাপনায় প্রচারিত হবে ‘আমার মা, আমার পৃথিবী’
শর্মিলী আহমেদের উপস্থাপনায় প্রচারিত হবে ‘আমার মা, আমার পৃথিবী’

অভিনয়ে শর্মিলী আহমেদকে ‘মা’ চরিত্রেই দেখা যায় বেশির ভাগ সময়। অভিনয়শিল্পীরাও তাঁকে মা বলেই ডাকেন। এবার আর অভিনয় নয়, শর্মিলী আহমেদ এবার করলেন উপস্থাপনা। অনুষ্ঠানটির নাম ‘আমার মা, আমার পৃথিবী’। অনুষ্ঠানটি নির্মিত হয়েছে মা দিবস উপলক্ষে। আর প্রচারিত হবে একুশে টেলিভিশনে। মা দিবসের বিশেষ এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন রিচি সোলায়মান, আজমেরী হক বাঁধন, দীপা খন্দকার ও ফারজানা চুমকি।


‘আমার মা, আমার পৃথিবী’ অনুষ্ঠানটিতে আরও উপস্থিত হয়েছিল অতিথিদের সন্তানেরা। কদিন আগে একুশে টেলিভিশনের নিজস্ব স্টুডিওতে ধারণ করা হয় অনুষ্ঠানটি। এতে মিডিয়ার বিভিন্ন কাজে ব্যস্ত মা এবং তাদের সন্তানদের পারস্পরিক সম্পর্কের বিভিন্ন দিক অনুষ্ঠানটিতে উপস্থাপন করা হয়েছে।

অনুষ্ঠান সম্পর্কে শর্মিলী আহমেদ জানিয়েছেন, ‘মিডিয়ার বিভিন্ন মাধ্যমে কাজ করলেও উপস্থাপনা করা হয়ে ওঠেনি। অনুষ্ঠানটির অতিথিরা আমার সন্তানতুল্য। তাঁদের সঙ্গে আড্ডা দিয়ে ভালো লেগেছে।’

দীপু হাজরার প্রযোজনায় বিশ্ব মা দিবস উপলক্ষে ৮ মে রাত ১০টায় অনুষ্ঠানটি একুশে টেলিভিশনে প্রচারিত হবে।