মা হলেন ফারজানা ছবি

অভিনয়শিল্পী ফারজানা ছবি পুত্রসন্তানের মা হয়েছেন। আজ সোমবার বেলা একটা ৫৫ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তাঁর অস্ত্রোপচার সম্পন্ন হয়। প্রথম আলোকে তাঁর স্বামী তন্ময় সরকার জানান, মা-সন্তান দুজনই সুস্থ আছেন। গতকাল দিবাগত রাত দুইটা নাগাদ ছবিকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
চলতি বছরের এপ্রিল মাসে পারিবারিকভাবে ঢাকা কমার্স কলেজের শিক্ষক তন্ময় সরকারকে বিয়ে করেন ফারজানা ছবি। আগামী নভেম্বর মাসে ছবির মা হওয়ার কথা ছিল। তবে নির্ধারিত সময়ের আগেই মা হলেন তিনি।
১৯৯৮ সালে আবদুল্লাহ আল মামুনের ‘চিঠি’ নাটকের মাধ্যমে ফারজানা ছবির অভিনয়ে অভিষেক হয়। মাঝে কিছুদিন বিরতি দিয়ে আবার অভিনয়ে নিয়মিত হন তিনি। মাতিয়া বানু শুকু পরিচালিত ‘সীমানা পেরিয়ে’ নাটকে অভিনয়ের জন্য সেরা টিভি অভিনয়শিল্পী হিসেবে এ বছর মেরিল-প্রথম আলো পুরস্কারের সমালোচক বিভাগে পুরস্কৃত হয়েছেন ফারজানা ছবি।