মাইল্ড হার্ট অ্যাটাক হয়েছিল তাঁর

ফেব্রুয়ারি মাসে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন অভিনেতা তারিক আনাম খান। হাসপাতালে নেওয়া হলে জানা যায়, মাইল্ড হার্ট অ্যাটাক হয়েছিল তাঁর। এরপর উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় ভারতের দিল্লিতে। চিকিৎসা শেষে গত ২৫ ফেব্রুয়ারি দেশে ফিরেছেন এই অভিনেতা।
আজ মঙ্গলবার সকালে প্রথম আলোর সঙ্গে আলাপে তিনি জানালেন, এখন সুস্থ আছেন। সোমবার থেকে শুরু করেছেন শুটিং। তারিক আনাম খান জানান, হার্টে একটি ব্লক ধরা পড়েছিল। দিল্লির একটি হাসপাতাল থেকে হার্টে রিং পরিয়ে এসেছেন। দেশে ফেরার পর ৫ মার্চ পর্যন্ত পূর্ণ বিশ্রামে বাড়িতে কাটাতে হয়েছে তাঁকে।
দেশের চিকিৎসকেরা জানিয়েছেন, এখন সুস্থ তিনি। স্বাভাবিক চলাফেরায় তেমন সমস্যা নেই। চিকিৎসকদের পরামর্শ নিয়ে ও শারীরিক পরীক্ষা শেষে রাজবাড়িতে একটি নাটকের শুটিংয়ে অংশ নিয়েছেন তারিক আনাম খান। সেখানে চলছে অসীম গোমেজের ‘উথাল তরঙ্গ’ নাটকের দৃশ্যধারণ।