মানসিকভাবে কিছুটা বিপর্যস্ত ছিলাম

একটা বিরতি নিলেন অভিনেত্রী তিন্নি। এই বিরতির ফাঁকে শুরু করেছেন নতুন জীবন। এলোমেলো নিজেকে খানিকটা গুছিয়ে ফিরেছেন নাটকের কাজে। গতকাল রোববার দুপুরে ধানমন্ডির রবীন্দ্রসরোবরে একই বৃত্তে নাটকের অসমাপ্ত অংশের শুটিংয়ে অংশ নিয়েছেন তিনি। প্রথম আলোকে তিনি বলেন, ‘মানসিকভাবে একটু বিপর্যস্ত ছিলাম। এখন অনেকটা কাটিয়ে উঠেছি।’
একই বৃত্তে নাটকের গল্পটি লিখেছেন তিন্নির মা কস্তুরি দত্ত মজুমদার, পরিচালনা করছেন সুজন শাহরিয়ার। তিন্নি অভিনীত সর্বশেষ নাটক সেই মায়া নির্মিত হয়েছিল ২০১৩ সালে।
এত দিন কোথায় ছিলেন—জানতে চাইলে তিন্নি বলেন, ‘ব্যক্তিগত কারণেই অভিনয় থেকে খানিকটা দূরে ছিলাম।’ কাজে ফেরার প্রসঙ্গে তিনি বলেন, ‘মানুষ আমাকে এখনো মনে রেখেছে! এখন থেকে নিয়মিত কাজ করব।’
হঠাৎ কোনো খবরে ছিলেন না তিন্নি। মাস খানেক আগে জানা যায় তাঁর দ্বিতীয় বিয়ের খবর। শিগগিরই নতুন একটি ধারাবাহিক নাটকের কাজ শুরু করবেন। সেভাবেই নিজেকে প্রস্তুত করছেন এই অভিনেত্রী।