মানসিকভাবেও অসুস্থ বোধ করছি

তাহসান খান।প্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শুটিং সেট থেকে করোনাভাইরাস সংক্রমিত হয়েছেন কণ্ঠশিল্পী ও অভিনেতা তাহসান খান। কিছুদিন বিশ্রাম নেওয়ার পর এখন তিনি একটু ভালো বোধ করছেন। আইসোলেশনের দিনগুলো নিয়ে কথা বললেন এই শিল্পী।

প্রশ্ন :

এখন কেমন আছেন?

ভালো। করোনাভাইরাসের লক্ষণ কারও ভেতর বেশি, আবার কারও ভেতর কম। আমার শরীরে লক্ষণ তেমন ছিল না। ফলে খুব একটা সমস্যা হয়নি। আক্রান্ত হওয়ার পর ১০-১২ দিন হয়ে গেল, এখন শরীর মোটামুটি ভালো। দুই দিন পর আবার পরীক্ষা করাব।

তাহসান খান।
ফেসবুক

প্রশ্ন :

শ্বাসকষ্ট বা অন্য কোনো শারীরিক সমস্যা ছিল আপনার?

করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর থেকে আইসোলেশনে আছি। চিকিৎসকের পরামর্শ মেনে বাসায় চিকিত্সা নিচ্ছি। কয়েক দিন শরীরটা একটু ব্যথা করছিল। সেই সমস্যা এখন আর নেই। আমার শরীরে অক্সিজেনের মাত্রা স্বাভাবিক ছিল বলে মানসিকভাবে শক্ত আছি।

প্রশ্ন :

শুটিং সেট থেকে কীভাবে আক্রান্ত হলেন?

মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত একটা ওয়েব ফিল্মের কাজ করেছিলাম। আমার সহশিল্পী ছিলেন তানজিন তিশা। শুটিং শেষ হওয়ার কয়েক দিন পর তিশার কোভিড-১৯ ধরা পড়ে। যেহেতু একসঙ্গে বেশ কয়েক দিন কাজ করেছি। সন্দেহ হলো বলে পরীক্ষা করালাম। দেখি ফল পজিটিভ। এরপর একই ইউনিটের পরিচালক রাজের কোভিড ধরা পড়ে। আমাদের তিনজনের মধ্যে তাঁর অবস্থা বেশি খারাপ। তাঁকে হাসপাতালে আইসিইউতে রাখা হয়েছিল। এখন একটু ভালো। আইসিইউ থেকে বের করা হয়েছে, তবু তাঁকে দুই বেলা অক্সিজেন নিতে হচ্ছে।

তাহসান খান
প্রথম আলো

প্রশ্ন :

আপনি আক্রান্ত হওয়ার পর নিশ্চয়ই অনেকেই খোঁজ নিয়েছেন?

সংগীত, নাটক ও সিনেমার সহশিল্পীদের অনেকেই খোঁজখবর নিয়েছেন। মানসিক সাপোর্ট দিয়েছেন। এই সময়টাতে চিকিৎসক বন্ধুদের সহযোগিতার কথা ভোলার নয়। এর বাইরে আমার আত্মীয়স্বজন, ভক্তরাও খোঁজ নিয়েছেন। যাঁদের সঙ্গে অনেক দিন যোগাযোগ ছিল না, তাঁদের অনেকে অনলাইনে, ফোনে খোঁজ নিয়েছেন। সবার কাছ থেকে মানসিক সাপোর্ট পেয়েছি। কিন্তু এই সময়টাতে অনলাইন বা ফোন খোলা রাখাটা আমার জন্য বিরক্তিকর ছিল।

প্রশ্ন :

শুটিং স্পটগুলোতে সংক্রমণ ঠেকাতে যথেষ্ট সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়নি?

সেটা বলা যাবে না। কারণ, শুটিং স্পটে স্যানিটাইজার, মাস্ক ঠিকঠাক ব্যবহৃত হচ্ছে। তবে সমস্যা অন্য জায়গায়। যখন অভিনেতা-অভিনেত্রীরা শট দিচ্ছেন, তখন কিন্তু মাস্ক খুলে রাখা হচ্ছে। ভাইরাস কিন্তু এভাবেও ছড়াতে পারে। এ কারণে সংক্রমণের প্রকোপটা বেশি, মোকাবিলা করা যাচ্ছে না। এখন শুটিংয়ে এসব নিয়ে নতুন করে ভাবা দরকার।

প্রশ্ন :

আইসোলেশনের দিনগুলো কীভাবে কাটালেন? এখন কেমন যাচ্ছে?

ইচ্ছা থাকা সত্ত্বেও বই পড়তে পারিনি। সমস্যা হচ্ছিল। তবে অনেকগুলো কবিতা লিখেছি। এই সময়ে এটি ছিল আমার জন্য সবচেয়ে আনন্দের ও শান্তির। এর বাইরে আমার মেয়ের সঙ্গে ভিডিওতে এসে গেম খেলেছি, প্রতিদিনই খেলছি।

তাহসান খান।
ইনস্টাগ্রাম

প্রশ্ন :

ধর্ষণবিরোধী আন্দোলন চলছে। এসব দেখে কী প্রতিক্রিয়া হয়েছে আপনার?

ভাইরাসের কারণে শারীরিকভাবে অসুস্থ ছিলাম। আর সামাজিক যোগাযোগমাধ্যম ও সংবাদমাধ্যমে ধর্ষণের খবর দেখে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ছিলাম।

প্রশ্ন :

পুরোপুরি সেরে ওঠার পর কোন কাজটা আগে করবেন?

একটি বিজ্ঞাপনের শুটিং বাতিল করেছিলাম। ২০ ও ২১ অক্টোবর ওই কাজ দিয়ে শুরু করব। বিজ্ঞাপনের কাজ শেষ হলে ২৫ অক্টোবর থেকে একটি ওয়েব ফিল্মের শুটিং করার কথা।