মামলা থেকে মুক্ত মডেল-অভিনেত্রী ঈশানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঈশানা
ঈশানা

মডেল অভিনেত্রী মৌনতা খান ঈশানা তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া মানহানি মামলার অভিযোগ থেকে অব্যাহতি পেয়েছেন। ঢাকার মহানগর হাকিম রায়হান-উল-ইসলাম আজ মঙ্গলবার এ রায় দেন। আদালতে আজ মামলার শুনানির জন্য দিন ধার্য ছিল। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক নথি পর্যালোচনা করে ঈশানাকে মামলার দায় থেকে অব্যাহতি দেন। প্রথম আলোকে আজ দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ঈশানা।
ঈশানার আইনজীবী এমদাদুল হক জানান, আদালত আদেশে উল্লেখ করেছে, একই ঘটনায় দুইটি মামলা করা হয়েছে। মামলায় আসামি কর্তৃক বাদীর মানহানি করার মতো কোনো তথ্য বা উপাদান বিদ্যমান না থাকায় আসামিকে এ মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়।
গত ২৫ জুলাই তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনে দায়ের করা মামলায় বাদী প্রযোজক অভিনেতা মারুফ খানের নারাজি আবেদন নামঞ্জুর করে ঈশানাকে অব্যাহতি দেয় বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনালের বিচারক।
গত ৩ ফেব্রুয়ারি মামলার বাদী প্রযোজক অভিনেতা মারুফ খান আদালতে ঈশানার বিরুদ্ধে মানহানি মামলা এবং গত ১ মার্চ উত্তরা পশ্চিম থানায় তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনে মামলা করেন। মামলার আরজিতে বাদী উল্লেখ করেন, শুটিং সেটে তাঁর অনুপস্থিতে ঈশানা গালাগালি করেছে এবং নিজের ফেসবুকে মানহানিকর স্ট্যাটাস পোস্ট করেছেন। যাতে বাদীর সুনামহানি সামাজিক ও আর্থিকভাবে এক কোটি টাকা ক্ষতি হয়।
২০০৮ সালের লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রথম রানার আপ হয়েছিলেন মৌনতা খান ঈশানা। মামলা থেকে অব্যাহতি পেয়েই স্বস্তির নিশ্বাস ফেলছেন ঈশানা। তিনি বলেন, ‘আমাকে অকারণে এত দিন হয়রানি হতে হয়েছে। এখন থেকে আমি মুক্ত।’