মারিয়া নূরের অতিথি ন্যান্সি!

দেশের জনপ্রিয় সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি। গান গেয়ে শ্রোতাপ্রিয়তা পাওয়ার পাশাপাশি কাজের স্বীকৃতি হিসেবে অর্জন করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। অন্যদিকে বর্তমান প্রজন্মের জনপ্রিয় রেডিও জকি, মডেল ও অনুষ্ঠান সঞ্চালক মারিয়া নূর। এবার মুখোমুখি হচ্ছেন ভিন্ন অঙ্গনের জনপ্রিয় এ দুই তারকা। মারিয়া নূরের সঞ্চালনায় আরটিভির ‘লেট নাইট কফি’ অনুষ্ঠানের এবারের পর্বে অতিথি হিসেবে থাকছেন ন্যান্সি।
সেলিব্রেটি লাইভ টিপস অ্যান্ড ফান বিষয়ক অনুষ্ঠান ‘লেট নাইট কফি’ মূলত রাত জাগা দর্শকদের জন্য। পুরো অনুষ্ঠানটি আরটিভির স্টুডিও থেকে সরাসরি সম্প্রচার করা হয়। টেলিফোন ও ই-মেইলের মাধ্যমে দর্শকদের সঙ্গে নির্দিষ্ট বিষয় নিয়ে কথা বলেন আমন্ত্রিত অতিথি। অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে বিষয়ের সঙ্গে সম্পৃক্ত মিউজিক ভিডিও এবং চলচ্চিত্রের অংশবিশেষ দেখান হয়।
আরটিভি সূত্রে জানা গেছে, মারিয়া নূরের উপস্থাপনায় ও সোহেল রানা বিদ্যুতের প্রযোজনায় ‘লেট নাইট কফি’র এবারের পর্ব প্রচারিত হবে আজ শনিবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে।