মাহফুজের উদ্যোগে বিরতিহীন নাটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাহফুজ আহমেদ
মাহফুজ আহমেদ

অভিনয়শিল্পী মাহফুজ আহমেদ দর্শকদের বিরতিহীন নাটক দেখানোর উদ্যোগ শুরু করতে যাচ্ছেন। এই উদ্যোগের সঙ্গে যুক্ত হয়েছেন বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভি। চ্যানেলটি প্রতি শুক্রবার রাত ১১টা ২০ মিনিট থেকে বিরতিহীনভাবে নাটক প্রচারে সম্মত হয়েছে।
এ উপলক্ষে গতকাল বুধবার রাতে ঢাকার গুলশান ক্লাবে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে টেলিভিশন নাটকের সঙ্গে যুক্ত অনেকেই উপস্থিত ছিলেন। মাহফুজ আহমেদের এ উদ্যোগের আগেও কয়েকটি চ্যানেল বিরতিহীন নাটক প্রচারের উদ্যোগ নিয়েছিল। এখনো তা চলছে।
মাহফুজ এই আয়োজনের নাম দিয়েছেন ‘ভালোবাসার প্রহর’। এমন একটি উদ্যোগ নেওয়ার কারণ?
মাহফুজ আহমেদ বলেন, ‘মাত্রাতিরিক্ত বিজ্ঞাপনের কারণে আমাদের দেশের দর্শকেরা নাটক দেখার আগ্রহ হারিয়ে ফেলেন। এতে করে অনেক ভালো মানের নাটক দেখা থেকে বঞ্চিত হচ্ছেন দর্শকেরা। দীর্ঘদিন ধরে চলতে থাকা এই ব্যাপারটা আমাকে ভাবিয়েছে। তাই নিজের প্রযোজনা প্রতিষ্ঠান থেকে বিরতিহীন নাটক নির্মাণের উদ্যোগ নিয়েছি। নতুন উদ্যোগটি দর্শককে নাটকের প্রতি আগ্রহী করে তুলতে ভূমিকা রাখবে।’
মাহফুজ আহমেদের প্রযোজনা প্রতিষ্ঠান বাণীচিত্র থেকে এসব বিরতিহীন নাটক নির্মিত হবে।
এই উদ্যোগকে স্বাগত জানাতে গতকাল গুলশান ক্লাবে হাজির হয়েছিলেন অভিনয়শিল্পী, নির্মাতা, প্রযোজকসহ আরও অনেকে। এঁদের মধ্যে আছেন তারিক আনাম খান, জাহিদ হাসান, তৌকীর আহমেদ, গাজী রাকায়েত, তিশা, সজল, সাদিয়া ইসলাম মৌ, মাজনুন মিজান, নাঈম, নাদিয়া, মিশু সাব্বির, শবনম ফারিয়া, চয়নিকা চৌধুরী, এস এ হক অলীক, মাবরুর রশীদ, ইমরাউল রাফাত, আলী বশীর, শামীমা শাম্মী প্রমুখ। ছিলেন আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান।