মাহফুজের ডাকে জাহিদ তৌকীর ও অন্যরা

জাহিদ হাসান, তৌকীর আহমেদ ও মাহফুজ আহমেদ—টেলিভিশন নাটকের জনপ্রিয় এই তিন অভিনেতা গত বুধবার রাতে ঢাকার গুলশান ক্লাবে এক হয়েছিলেন। ফটোসাংবাদিকদের অনুরোধে অনুষ্ঠান শেষে তাঁরা একসঙ্গে ছবিও তুললেন। বহুদিন পর তাঁদের এক হওয়ার কারণ নাটকের দর্শকদের আবার দেশি টিভি চ্যানেলমুখী করা। মাহফুজ আহমেদের এই আহ্বানে সবাই একবাক্যে হাজির হন।
মাহফুজ আহমেদ তাঁর প্রযোজনা প্রতিষ্ঠান থেকে বিরতিহীন নাটক প্রচারের একটি উদ্যোগ নিয়েছেন। আরটিভি থেকে ‘ভালোবাসার প্রহর’ নামে সময় বরাদ্দও নিয়েছেন। বিষয়টি সবার সামনে তুলে ধরার জন্য বুধবার রাতে সংবাদ সম্মেলনের আয়োজন করেন মাহফুজ। এখানে মতামত জানাতে এসেছিলেন জাহিদ, তৌকীরসহ আরও অনেকে। অভিনয়ের পাশাপাশি এই তিন শিল্পী প্রযোজনা ও পরিচালনার সঙ্গেও যুক্ত আছেন।
মাহফুজ বললেন, ‘তৌকীরকে দেখে আমি অনুপ্রাণিত হই। তিনি অনেক সুন্দর কথা বলেন। তাঁর কথা এতই সুন্দর, তিনি যে অভিনেতা এটাই ভুলেই যাই!’ তাঁর কথার পরিপ্রেক্ষিতে তৌকীর বলেন, ‘মাহফুজকে সব সময় বলেছি, আপনি একটা কিছু করেন। আপনার সেই যোগ্যতা আছে। যিনি যে কাজটি পারেন, তাঁকে সেই কাজে এগিয়ে আসতে হয়। বিরতিহীন নাটক প্রযোজনার উদ্যোগ নিয়ে মাহফুজ ঠিক কাজটিই করেছেন।’ তৌকীরের পাশাপাশি জাহিদেরও প্রশংসা করেন মাহফুজ।
জানা গেছে, ‘ভালোবাসার প্রহর’-এর প্রথম নাটক হিসেবে আজ শুক্রবার রাতে দেখানো হবে অভিনেতার অভিনয় নামের একটি নাটক। আবু হায়াত মাহমুদের পরিচালনায় এতে অভিনয় করেছেন তারিক আনাম খান, জাহিদ হাসান, মৌসুমী হামিদ প্রমুখ।
মাহফুজ আহমেদ তাঁর এমন উদ্যোগে সাড়া দেওয়ার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন চ্যানেল ও পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের কাছে। টেলিভিশন নাটকের নানা দিক নিয়ে আরও কথা বলেন তারিক আনাম খান, গাজী রাকায়েত, এস এ হক অলিক প্রমুখ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাদিয়া ইসলাম মৌ, তিশা, শবনম ফারিয়া, নাঈম, হৃদি হক, মাজনুন মিজান, মিশু সাব্বির, চয়নিকা চৌধুরী প্রমুখ।