মাহফুজের ব্যস্ততা

দুই বছর বিরতির পর আবারও ছোট পর্দায় কাজ শুরু করেছেন অভিনেতা মাহফুজ আহমেদ। মাহফুজ বলেন, 'আমার প্রযোজিত চলচ্চিত্র "জিরো ডিগ্রি" নিয়ে গত দুই বছর ভীষণ ব্যস্ত ছিলাম। তাই গত দুই বছর ছোট পর্দায় কাজ করার সময় পাইনি। ছবিটি এ বছর মুক্তি পেয়েছে। এখন আবার নিয়মিত হয়েছি ছোট পর্দায়।'
এই মুহূর্তের ব্যস্ততা সম্পর্কে তিনি বলেন, 'গত কয়েক দিন ধরে আমার নিজের প্রযোজনা প্রতিষ্ঠান থেকে নির্মিতব্য ছয় পর্বের একটি ধারাবাহিকের কাজ করছি। নাটকের নাম "ভ্যানিটি"। এটি পরিচালনা করেছেন আলী ফিদা একরাম তোজো।' মাহফুজ জানান, ধারাবাহিকটি এবার ঈদের দিন থেকে টানা ছয় দিন চলবে এনটিভিতে। তিনি নিজেও অভিনয় করছেন। ধারাবাহিকটিতে আরও রয়েছেন জাহিদ হাসান, রিচি সোলায়মান, উর্মিলা, স্পর্শিয়া, সাজু খাদেম, বুড়ি আলী ও তারিক আনাম খান।
এ ছাড়াও অভিনয় করেছেন চয়নিকা চৌধুরীর পরিচালনায় তিনটি টেলিছবিতে। প্রথমটি ‘অনুমতি প্রার্থনা’। যে টেলিছবির মাধ্যমে আবার অভিনয়ে ফিরলেন শমী কায়সার। আরও অভিনয় করেছেন নাজিয়া মৌ, মিলন। দ্বিতীয়টি ‘দূর নক্ষত্রের কাছে’। রচনা শফিকুর রহমান শান্তনু। মাহফুজের সঙ্গে এই টেলিছবিতে আরও অভিনয় করেছেন নাজিয়া মৌ ও রিচি সোলায়মান। অন্যটি ‘ছায়াসঙ্গী’। রচনা রুম্মান রশীদ খান। অভিনয়ে নাজিয়া মৌ, মম। সবগুলো টেলিছবিই ঈদের জন্য নির্মিত।
মাহফুজ আরও জানান, আগামীকাল থেকে কিশোরগঞ্জের বাজিতপুর মেডিকেল কলেজে শুটিং করতে যাচ্ছেন নতুন একটি টেলিছবি ‘রুম নাম্বার ১৩’ এর। তিনি বলেন, এই টেলিছবিতে যারা কাজ করবেন তারা সবাই অভিনয়ে একদম নতুন। অধিকাংশই মেডিকেলের ছাত্রছাত্রী। তবে পঞ্চাশোর্ধ্ব এক নারীর চরিত্রে অভিনয় করছেন রিচি সোলায়মান।