মিছিলের মুখ থেকে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিছিলের মুখ নাটকের দৃ​শ্য
মিছিলের মুখ নাটকের দৃ​শ্য

‘এ ধরনের নাটকে অভিনয় করতে গেলে অন্য রকম অনুভূতি হয়।’ মিছিলের মুখ নামের নাটকটি নিয়ে কথা বলতে গিয়ে শুরুতেই এমন তথ্য দিলেন অভিনেতা তারিক আনাম খান। তিনি এই নাটকে অভিনয় করেছেন মাঝারি গোছের সরকারি কর্মকর্তা হিসেবে। কিন্তু সেই কর্মকর্তা কি করে হয়ে ওঠেন একটি ঐতিহাসিক মিছিলের প্রেক্ষাপটের মূল নায়ক? তা-ই দেখানো হয়েছে নাটকে।
নাটকটি নিয়ে তারিক আনাম খান বললেন, ‘মিছিলের মুখ নাটকের গল্পটি এই সময়ের নানা ভাষার মিশ্রণে কথা বলাকে কেন্দ্র করে। নাটকের বিষয়টি আমার কাছে দারুণ লেগেছে। আমার কাছে মনে হয়, নানা ভাষায় কথা বলার জন্য তো ১৯৫২ সালে সেই ঐতিহাসিক মিছিলটি হয়নি। ভাষার জন্য জীবন বিলিয়ে দেওয়ার গৌরব তো শুধু আমাদেরই আছে। কিন্তু আমরা যেন সেই বিষয়টি প্রতিনিয়ত ভুলে গিয়ে নানা ভাষার মিশ্রণে নিজেদের কথাবার্তা চালিয়ে যাই। নাটকে সেই কথাটাই বলা হয়েছে। তবে এটুকু বলে রাখি, আমি অন্য কোনো ভাষার প্রতি অশ্রদ্ধা প্রকাশ করছি না।’
মিছিলের মুখ নাটকটি রচনা করেছেন মাসুম শাহরীয়ার এবং পরিচালনা করেছেন আবু হায়াত মাহমুদ। তারিক আনাম ছাড়াও এতে অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা।
নাটকে তিশা অভিনয় করেছেন চলচ্চিত্রের একজন শিল্পনির্দেশক হিসেবে।
পরিচালক জানালেন, কয়েক দিন আগে পুরান ঢাকার সূত্রাপুর, বুড়িগঙ্গা নদীসহ আশপাশের এলাকায় নাটকটির শুটিং হয়েছে।
এরই মধ্যে নাটকটির সম্পাদনার কাজ শেষ হয়েছে। এখন প্রচারের অপেক্ষা। ২১ ফেব্রুয়ারি রাতে আরটিভিতে প্রচারিত হবে মিছিলের মুখ।