মিমের জন্মদিনে গল্প ও কবিতা প্রতিযোগিতা

শুটিংয়ের ব্যস্ততা, তাই সাদামাটাভাবেই এবারের জন্মদিনটি উদ্যাপন করবেন বলে ভেবেছিলেন বিদ্যা সিনহা মিম। কিন্তু বুধবার রাত ১২টার পরপরই পাল্টে গেল দৃশ্যপট। লুকিয়ে অপেক্ষায় থাকা পরিবার ও কাছের প্রিয়জনেরা হঠাৎ করেই যেন আবির্ভূত হলেন। বাসার সব আলো জ্বালিয়ে দিয়ে, বড় বড় কেক আর নানা রঙের ফুলের তোড়ায় অবাক করে দিলেন এই লাক্স তারকার জন্মদিনের প্রথম প্রহরটি।
কেমন লাগছে?
মিম বলেন, ‘রাত ১২টার আগে বাসার পরিবেশ দেখে মনে হচ্ছিল, হয়তো আমার জন্মদিনের কথা ভুলেই গেছেন সবাই। কিন্তু ১২টা ১ মিনিটে আচমকা তাঁদের আয়োজন দেখে অবাক হয়েছি আমি। ওই সময়টাতে আনন্দে মন ভরে গিয়েছিল আমার।’
গতকাল বৃহস্পতিবার বিদ্যা সিনহা মিমের জন্মদিনের শুরুটা এভাবেই হয়েছিল।
জন্মদিন নিয়ে ফেসবুকে ভক্তদের কার্যক্রমে বেশি খুশি হয়েছেন মিম। এই দিনটিকে ঘিরে ফেসবুকে গল্প ও কবিতা লেখার প্রতিযোগিতার আয়োজন করেছিলেন তাঁর ভক্তরা। ১ নভেম্বর থেকে এই প্রতিযোগিতা শুরু হয়। মিম বলেন, ‘এই প্রতিযোগিতা থেকে সেরা কবিতা ও সেরা গল্পকারকে পুরস্কার দিয়েছেন ভক্তরাই।’
জন্মদিনের পুরো দিনটা কেটেছে বাসায়, প্রিয়জনদের কাছ থেকে শুভেচ্ছা আর উপহার পেয়ে। তবে দিনের একটা সময় আরটিভি, চ্যানেল আইসহ কয়েকটি চ্যানেলে সরাসরি ভক্তদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ও করেছেন এই তারকা।
জন্মদিনের বিশেষ কোনো উপহার পেয়েছেন কি—জিজ্ঞেস করলে মিম বলেন, ‘জন্মদিনে পাওয়া সব উপহারই প্রিয় আমার। তবে আমার এক বন্ধুর দেওয়া গলার গয়না সেটটি বেশি পছন্দ হয়েছে।’
অন্যবার করলেও এবার জন্মদিনের কোনো বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেননি মিম।