মিমের পূজা রাজশাহীতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিদ্যা সিনহা মিম
বিদ্যা সিনহা মিম

পূজার ছুটি কাটাতে ঢাকা ছেড়েছেন অভিনয়শিল্পী বিদ্যা সিনহা মিম। গতকাল বুধবার সকালে পরিবারের সবার সঙ্গে মিলে রাজশাহীর উদ্দেশে ঢাকা ছেড়েছেন এই অভিনয়শিল্পী।
মিম জানিয়েছেন, পরিবার ও স্বজনদের সঙ্গে সময় কাটিয়ে শারদীয় উৎসবের শেষে ৮ অক্টোবর ঢাকায় ফিরবেন আর এসেই আবার ছবির কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়বেন।
যাওয়ার আগে প্রথম আলোর সঙ্গে আলাপকালে মিম বলেন, ‘আমার দাদা ও নানাবাড়ি, দুই-ই রাজশাহীতে। বাবার চাকরিসূত্রে দেশের বিভিন্ন স্থানে থাকতে হয়েছে। তবে পূজার সময় ঠিকই রাজশাহীতে চলে যেতাম। শোবিজ অঙ্গনে কাজ শুরুর পর তা অনেকটাই অনিয়মিত হয়ে পড়েছে। এ নিয়ে কিছুটা মন খারাপও হয়। এবার সবকিছু গুছিয়ে যেতে পারছি ভেবে খুবই আনন্দ হচ্ছে।’
পূজার সময়টা বছরের অন্য সময়ের চেয়ে অনেকটাই আলাদা মিমের কাছে। এ সময়টাতে অনেক আত্মীয়স্বজন ও পুরোনো বন্ধুদের সঙ্গে দেখা হয়। বললেন, ‘বছরের বিভিন্ন সময়ে যার যার মতো করে সবাই বাড়িতে যায়। কিন্তু পূজার সময় পরিবারের সবাই একসঙ্গে শেকড়ের টানে গ্রামে আসে। অনেক দিন যাদের সঙ্গে দেখা হয় না, তাদের সঙ্গে দেখা হয়। কয়েকটা দিন যে কীভাবে পার হয়ে যায় তা টেরই পাই না।’
গত মাসের বেশির ভাগ সময় লন্ডনে নতুন ছবি গুডমর্নিং লন্ডন-এর কাজ নিয়ে ব্যস্ত ছিলেন মিম। দেশে ফিরে শুরু করেন পদ্মপাতার জল ছবির কাজ। শুটিং থেকে কয়েক দিন ছুটি নিয়েই এবার রাজশাহীতে ছুটছেন মিম।