মিমের লক্ষ্য ইংরেজি বা বিপণন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিম চৌধুরী
মিম চৌধুরী

বেশ কয়েক বছর আগে ‘নাচো বাংলাদেশ নাচো’ প্রতিযোগিতার মাধ্যমে বিনোদন জগতে এসেছেন মিম চৌধুরী। ওই প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়েছিলেন তিনি। তারপর ব্যস্ত হয়ে পড়েন নাচ ও অভিনয় নিয়ে। এ বছর উচ্চমাধ্যমিক পাস করেছেন তিনি।
মোহাম্মদপুর প্রিপারেটরি কলেজের শিক্ষার্থী মিম পড়েছেন ব্যবসায় শিক্ষা বিভাগে। সম্প্রতি প্রকাশিত হয়েছে উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল। এ গ্রেড নিয়ে পাস করেছেন তিনি। এরপর? মিম জানালেন, ইংরেজি বা বিপণন নিয়ে পড়তে চান তিনি। এরই মধ্যে বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি নিয়েছেন। এ দুই বিষয়ে পড়তে মিমের প্রথম পছন্দ ঢাকা বিশ্ববিদ্যালয়। সেখানে ভর্তির সুযোগ না হলে প্রথম সারির যেকোনো একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তির চেষ্টা করবেন তিনি।
স্নাতক শ্রেণিতে পড়ালেখার পাশাপাশি নিয়মিত নাটক ও নাচ করে যেতে চান মিম। এ বিষয়ে তিনি বললেন, ‘মিডিয়া ছাড়তে চাই না। কারণ, নিজেকে একটি শক্ত অবস্থানে নেওয়ার জন্য অনেক পরিশ্রম করছি। সবার দোয়া ও পরামর্শে এগিয়ে যেতে চাই।’

নিয়মিত নাটকে অভিনয় করছেন মিম। ঈদুল আজহায় একটি চ্যানেলে নাচের অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর।