মিমের 'দাগ'

বিদ্যা সিনহা মিম অভিনীত সুইটহার্ট ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ১২ ফেব্রুয়ারি। এটি হবে মিমের এ বছর মুক্তি পাওয়া প্রথম ছবি। বছরের প্রথম মাসে ছবি মুক্তির খবর দেওয়ার পাশাপাশি নতুন ছবিতে চুক্তিবদ্ধ হওয়ার কথাও জানালেন মিম। তিনি জানান, সম্প্রতি দাগ নামের একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। ছবিটি পরিচালনা করবেন তারেক সিকদার। কামাল আহমেদের গল্প থেকে ছবিটির সংলাপ ও চিত্রনাট্য করেছেন বিশিষ্ট গীতিকার রফিকুজ্জামান।
মিম জানিয়েছেন, ছবিতে তাঁর চরিত্রের নাম ‘সোহানা’। তিনি একজন চিত্রশিল্পী। এই চরিত্রটি নিয়ে মিম বলেন, ‘কাজটি অতটা সহজ হবে না। একজন চিত্রশিল্পীর ছবি আঁকা, তাঁর বেশভূষা, চলাফেরার মধ্যে আলাদা অভিব্যক্তি কাজ করে, যা আমাকে পর্দায় ফুটিয়ে তুলতে হবে।’
ছবিতে মিমের বিপরীতে অভিনয় করছেন বাপ্পী। পরিচালক জানিয়েছেন, ৭ ফেব্রুয়ারি থেকে দাগ ছবির শুটিং শুরুর কথা রয়েছে। ছবিতে আরও অভিনয় করছেন অরুণা বিশ্বাস, শতাব্দী ওয়াদুদ, সেলিম
রেজা প্রমুখ।