মিশুর 'পাওয়ার প্লে'

নিজে ছিলেন ক্রিকেটার। বাংলাদেশ জাতীয় মহিলা ক্রিকেট দলের হয়ে বেশ কিছু ম্যাচ খেলেছেন। এখন অভিনয়ের জগতে পা রাখলে কী হবে, ক্রিকেটের টান উপেক্ষা করতে পারেন না সহজে। এশিয়া কাপ উপলক্ষে মাছরাঙা টিভিতে ‘পাওয়ার প্লে’ নামে একটি অনুষ্ঠানে এবার উপস্থাপক হিসেবে দেখা যাবে মিশু চৌধুরীকে। প্রতিদিন খেলা শুরুর আগে ও পরে প্রচার হবে অনুষ্ঠানটি। একজন ক্রিকেটার ও তারকা ব্যক্তিকে নিয়ে খেলার খুঁটিনাটি বিষয়ে কথা বলবেন মিশু।
অনুষ্ঠানটি উপস্থাপনা প্রসঙ্গে মিশু বললেন, ‘ক্রিকেট নিয়ে আমি বরাবরই আগ্রহী। নানা কারণে খেলাটা চালিয়ে যেতে পারিনি। তাই ক্রিকেট নিয়ে কোনো অনুষ্ঠানের ডাক পেলে চুপ থাকতে পারি না।’
মিশু চৌধুরী উপস্থাপনা ছাড়াও নিয়মিত অভিনয় করেন। এটিএন বাংলায় উজান গাঙের নাইয়া, বৈশাখী টেলিভিশনে নগর জোনাকি ও বিটিভিতে চিত্র-বিচিত্রসহ বেশ কয়েকটি ধারাবাহিক নাটক প্রচারিত হচ্ছে তাঁর। এর আগে ক্রিকেটবিষয়ক আরও কিছু অনুষ্ঠানও উপস্থাপনা করেছিলেন তিনি।