মীরাক্কেল থেকে বিদায় নেবেন মীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মীর আফসার আলী
মীর আফসার আলী

আগামী বছর হবে ভারতের পশ্চিম বাংলার টেলিভিশন চ্যানেল জি বাংলার জনপ্রিয় অনুষ্ঠান ‘মীরাক্কেল’-এর দশম আয়োজন। এই অনুষ্ঠানটির উপস্থাপক মীর আফসার আলী জানিয়েছেন, দশম এ আসরের পর তিনি আর থাকছেন না এ অনুষ্ঠানে।

পশ্চিম বাংলার দৈনিক ‘এই সময়’কে দেওয়া এক দীর্ঘ সাক্ষাৎকারে তিনি তাঁর এ সিদ্ধান্তের কথা জানান। এই সময়ের প্রতিবেদককে মীর বলেন, ‘চ্যানেল কর্তৃপক্ষকে জানিয়ে দিয়েছি, আমি “মীরাক্কেল” করব না! দশ বছর হয়ে গেল, এবার নতুন কিছু করতে চাই। টেলিভিশনে বা বড় পর্দায়!’
‘ব্যান্ডেজ’ নামে মীরের নিজের একটি গানের দল আছে। দলটিকে নিয়ে নিয়মিত অনুষ্ঠান করেন তিনি। তবে মীরের গান খুব একটা সুবিধার নয়, টালিগঞ্জের আনাচকানাচ থেকে ওঠা এ অভিযোগের পরিপ্রেক্ষিতে মীর বলেন, ‘যাঁরা আপনাকে এ কথা বলছেন, একদম ঠিক বলছেন! আমি কানে নিন্দুকদের কথা নিই। আবার যতটা ছেঁকে ফেলার ফেলে দিই! বাড়ির লোকেরাও আমার গান শুনতে বা দেখতে যান না। তবে একটা কথা, ‘ব্যান্ডেজ’ একটা এন্টারটেইনমেন্ট প্যাকেজ। এখানে কেউ গান শোনার জন্য আসে না। বরং মীর যে ‘খিল্লি’গুলো টেলিভিশনে করে, দর্শক চায়, এখানেও মীর সেসব করুক!’