মীরাক্কেলের পরিচিতি ও রম্যকথন

এবার এক অনুষ্ঠানে অংশ নিলেন মীরাক্কেল নানা পর্বে অংশ নেওয়া স্ট্যান্ড-আপ কমেডিয়ান শশী, শাওন, পরশ, হৃদয়, আরমান ও পাভেল। এই ছয় তারকাকে নিয়ে রম্য আড্ডা নিয়ে অনুষ্ঠানের শুটিং সম্পন্ন হয়েছে বিএফডিসির ৩ নম্বর ফ্লোরে।
‘আপন আলোয়-সীমানা পেরিয়ে’ শিরোনামে এই অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন শামীম শাহেদ। মীরাক্কেলের অডিশন থেকে শুরু করে পারফরমেন্স পর্যন্ত নানা মজার ঘটনা প্রত্যেকে জানিয়েছেন। মীরাক্কেলে গিয়ে পরিচিতি পাওয়ার পর মজার কী কী হয়েছে সবই জানা যাবে এই অনুষ্ঠানে।
অনুষ্ঠানটি প্রচার করা হবে বাংলাভিশনের বিশেষ ঈদ আয়োজনে। এই অনুষ্ঠান সম্পর্কে বাংলাভিশনের অনুষ্ঠান প্রধান শামীম শাহেদ বলেন, ‘মীরাক্কেল অনুষ্ঠানে আমাদের দেশের এই ছয় তরুণ দেশের নাম উজ্জ্বল করেছেন। দর্শকদের কাছে তাঁদের কাজ এবং ব্যক্তিজীবনের গল্প তুলে ধরার জন্য তাঁদের একসঙ্গে আমরা আমন্ত্রণ জানিয়েছি আমাদের ঈদের অনুষ্ঠানের জন্য। এই ছয়জনের সাথে আড্ডা বেশ ভালো হয়েছে। আশা করি, দর্শকের ভালো লাগবে।’
‘আপন আলোয়-সীমানা পেরিয়ে’ অনুষ্ঠানটি বাংলাভিশনে প্রচার হবে ঈদুল আজহার দ্বিতীয় দিন বিকেল ৫টা ১৫মিনিটে। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন রফিকুল ইসলাম ফারুকী।