মুক্তিযুদ্ধে হারানো প্রেমিকের স্মৃতি

বন্ধু শাহনাজকে একসময় বনলতা বলে ডাকতেন আশফাক। মুক্তিযুদ্ধের সময় আশফাকের হাতের ওপর মারা যান শাহনাজের প্রেমিক সাইফ। শাহনাজের বাসনা, আশফাকের যে হাতের ওপর তাঁর প্রেমিক মারা গেছেন, তাঁর সেই হাত দুটি একবার ধরে দেখতে। তাই প্রায় ৪৪ বছর পর আশফাকের কাছে আসে শাহানাজের রহস্যময় ফোন।
গল্পের নেপথ্যে মুক্তিযুদ্ধে হারানো প্রেমিকের স্মৃতি। গল্পটি লিখেছেন জুয়েল কবির আর তা নিয়ে এক পর্বের নাটক মরণরে তুঁহু মম তৈরি করেছেন নির্মাতা আসিফ পিয়াল ও সাইমুন ইসলাম। নাটকে আশফাকের চরিত্রে অভিনয় করেছেন তারিক আনাম খান এবং শাহনাজের চরিত্রে সাবেরী আলম।
সাবেরী আলম বলেন, ‘তারিক আনাম খানের সঙ্গে অভিনয় এক দারুণ অভিজ্ঞতা। তাঁর কাছ থেকে অনেক কিছু শেখার আছে। বসুন্ধরায় যে বাড়িটিতে দুই দিন শুটিং করলাম, তাঁদের সহযোগিতা, আতিথেয়তা আর আন্তরিকতাও অনেক দিন মনে থাকবে।’
নাটকটির পরিচালক সাইমুন বলেন, ‘সম্পূর্ণ নাটকটি সংলাপনির্ভর। অভিজ্ঞ দুই শিল্পী নাটকটি করতে রাজি হওয়ায় আমাদের কাজ অনেকটাই সহজ হয়ে গেছে। নাটকটি শিগগিরই একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে দেখানো হবে।’