মুম্বাইয়ের চিত্রনাট্যে পাঁচ তরুণীর অভিনয়

চিত্রনাট্য এসেছে ভারতের মুম্বাই থেকে। সেই চিত্রনাট্যে অভিনয় করছেন এ দেশের পাঁচ তরুণী। তাঁদের নিয়ে তৈরি হয়েছে ধারাবাহিকের গল্প। গাজী টিভিতে ‘সুপার গার্লস’ নামের এই ধারাবাহিকটির প্রচার শুরু হবে ১৬ এপ্রিল।

ধারাবাহিকটির পরিচালক তানিম রহমান। তিনি জানান, এই নাটকের চিত্রনাট্য লিখেছেন মুম্বাইয়ের অভিনেত্রী ও নাট্যকার প্রিয়া ওয়াল। ইংরেজিতে লেখা চিত্রনাট্যটি বাংলায় অনুবাদ করে তবেই শুটিং হয়েছে।
ধারাবাহিকটির গল্প প্রসঙ্গে পরিচালক বলেন, পাঁচ মেয়ের ধীরে ধীরে বড় হওয়ার গল্প দেখানো হচ্ছে এই নাটকে। একই সঙ্গে থাকছে তাদের জীবনের নানা টানাপোড়েনও।
‘সুপার গার্লস’ ধারাবাহিকে পাঁচ তরুণীর চরিত্রে অভিনয় করছেন মুমতাহিনা টয়া, নাদিয়া, সাফা কবির, কেয়া রহমা ও অন্বেষা। ব্যক্তিগত জীবনে তাঁরা যা করছেন, নাটকেও তা-ই থাকছে। তাঁরা অভিনয় করেছেন নিজ নামে। নাটকে টয়া মধ্যবিত্ত পরিবারের এই মেয়ে। অভিনয়শিল্পী হওয়ার জন্য প্রচুর সংগ্রাম করতে দেখা যায় তাঁকে। কেয়া সংগীতশিল্পী। ‘ক্লোজআপ ওয়ান: তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতার মধ্য দিয়ে বিনোদন অঙ্গনে তাঁর পথচলা শুরু। এবারই প্রথম অভিনয় করছেন তিনি। মডেল-অভিনয়শিল্পী সাফা কবির এখানে টিভির অনুষ্ঠান উপস্থাপক। লাক্স সুন্দরী প্রতিযোগিতায় প্রথম হওয়া নাদিয়া অভিনয় করেছেন মডেলের চরিত্রে। নাটকে অন্বেষা বাস্কেটবল খেলোয়াড়।
শনি থেকে বৃহস্পতিবার প্রতিদিন গাজী টিভিতে রাত ১১টায় প্রচারিত হবে ‘সুপার গার্লস’। পাশাপাশি ছয় দিনে দেখানো পর্বগুলো একসঙ্গে টেলিছবি হিসেবে প্রচারিত হবে শুক্রবার রাত আটটায়।