মৃন্ময়ী হলেন স্পর্শিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবার রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প অবলম্বনে তৈরি নাটকে দেখা যাবে ছোট পর্দার অভিনয়শিল্পী স্পর্শিয়াকে। ছোটগল্প ‘সমাপ্তি’র মৃন্ময়ী চরিত্রে অভিনয় করলেন তিনি। নাট্যরূপ দিয়েছেন শফিকুর রহমান। পরিচালনা করেছেন বি ইউ শুভ।

রবীন্দ্রনাথের গল্পে অভিনয় স্পর্শিয়ার কাছে নতুন অভিজ্ঞতা। বললেন, ‘প্রতিদিনই ঘুম থেকে উঠে রবীন্দ্রসংগীত শোনা আমার অভ্যাস। এখনো রবীন্দ্রনাথের উপন্যাস ও ছোটগল্প পড়ি। আমার মনে হয়েছে, তাঁর ছোটগল্পের কোনো কোনো চরিত্র আমার মধ্যে আছে।’

তবে গল্পে ১৪ বছরের ‘মৃন্ময়ী’ চরিত্রটি করতে কিছুটা প্রস্তুতি নিতে হয়েছে স্পর্শিয়ার।

স্পর্শিয়া বলেন, ‘আমার বয়স এখন ২৩। কিন্তু আমাকে ১৪ বছরের একটি চঞ্চল, দুরন্ত মেয়ের চরিত্র করতে হয়েছে। সে ক্ষেত্রে বয়সের সঙ্গে মিলিয়ে কণ্ঠের পরিবর্তন আনতে হয়েছে।’

২৫ বৈশাখ রবীন্দ্রনাথের জন্মবার্ষিকীতে এটিএন বাংলায় নাটকটি প্রচারিত হবে।