মেহজাবীন কম বলেছে, এগুলো অস্কার পাওয়ার সমান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অভিনেতা মীর সাব্বির
ছবি: ফেসবুক থেকে সংগৃহীত

অভিনেতা মীর সাব্বির তাঁর ফেসবুক আইডিতে লিখেছেন, ‘মেহজাবীন সঠিক। এ কথা আমি আরও ১০ বছর আগে বলেছি।’ এই স্ট্যাটাস প্রসঙ্গে জানতে চাইলে মীর সাব্বির বলেন, ‘শুটিংয়ে আমাদের সংগ্রাম হলিউডের চেয়ে বেশি। মেহজাবীন আরও কম বলেছেন। আমি বলব, আমাদের কাজগুলো অস্কার পাওয়ার সমান।’

সম্প্রতি একটি শুটিংয়ে গিয়ে মেহজাবীন চৌধুরী দেশের শুটিং করাকে হলিউডের সঙ্গে তুলনা করেন
ছবি: ফেসবুক থেকে সংগৃহীত

সম্প্রতি একটি শুটিংয়ে গিয়ে মেহজাবীন চৌধুরী দেশের শুটিং করাকে হলিউডের সঙ্গে তুলনা করেন। কারণ, দেশে নানা প্রতিকূলতা পেরিয়ে কাজ করতে হয়। তাঁর এমন মন্তব্য দেশের সব সময়ের অভিনয়শিল্পীর মনের কথা বলে উল্লেখ করেন মীর সাব্বির। এই অভিনেতা বলেন, ‘আমরা প্রচুর সীমাবদ্ধতার মধ্যে শুটিং করি। স্বল্প সময়ে কাজ করতে হয়, বাজেট কম, মেকআপ করার মতো জায়গা থাকে না। রাস্তাঘাটে হাজার হাজার মানুষের সামনে রোমান্টিক-কমেডি ডায়ালগ দিতে হয়। কেউ সেলফি তুলছে, কেউ কথা বলার জন্য এগিয়ে আসছে। এটা প্যাকেজ নাটক শুরু হওয়ার পর থেকে চলমান। আজকের প্রজন্ম এখন যেটা উপলব্ধি করছে, সেটা আমি অনেক বছর আগেই করেছি। মেহজাবীন কম বলেছে, আমি বলব, এগুলো অস্কার পাওয়ার সমান।’

শুটিংয়ের পেছনের গল্প অনেক কঠিন বলে উল্লেখ করে সাব্বির
ছবি: ফেসবুক থেকে সংগৃহীত

দর্শক শুধু একটি এক ঘণ্টা বা দুই ঘণ্টার নাটক দেখেন। কিন্তু এর পেছনের গল্প অনেক কঠিন বলে উল্লেখ করে সাব্বির বলেন, ‘আমাদের এত বড় একটা ইন্ডাস্ট্রি। কিন্তু কোনো শুটিং জোন নেই। উত্তরায় মানুষের ফ্ল্যাট বাড়িতে শুটিং করি। পুবাইলেও একই অবস্থা। আমাদের নাটকের শুটিংয়ের কোনো স্থায়ী জায়গা নেই। আমরা অনেক কষ্ট করে কাজগুলো করে চলে আসি। কাউকে বলি না। কথাগুলো মেহজাবীন তাঁর মতো করে বলেছেন। কিন্তু তাঁর কথায় আমাদের সমসাময়িক সবাই একমত হবেন। আমার ধারণা, কেউ দ্বিমত করবেন না। এটা নিয়ে আমি কাউকে দোষারোপ করছি না। আমি পুরো টিমের কাছে কৃতজ্ঞ, কাজটি তাঁরা করার সুযোগ করে দেন। রামুজির মতো বড় একটা ফিল্ম সিটি থাকলে আমাদের এই প্রশ্নগুলো উঠত না।’

গত বছরের শেষ শুক্রবারে মুক্তি পেয়েছে মীর সাব্বিরের অভিনীত ও পরিচালিত প্রথম সিনেমা ‘রাতজাগা ফুল’
ছবি: ফেসবুক থেকে সংগৃহীত

গত বছরের শেষ শুক্রবারে মুক্তি পেয়েছে মীর সাব্বিরের অভিনীত ও পরিচালিত প্রথম সিনেমা ‘রাতজাগা ফুল’। অনুদানের সিনেমাটি নিয়ে দীর্ঘদিন ব্যস্ত থাকায় শুটিং করতে পারেননি। বর্তমানে তিনি ঈদের নাটকের শুটিং নিয়ে ব্যস্ত। সম্প্রতি শেষ করেছেন একটি সাত পর্বের ঈদ ধারাবাহিকের কাজ। টানা ঈদের আগের দিন পর্যন্ত শুটিংয়ে ব্যস্ত থাকবেন।