মেহজাবীনকে নিয়ে পরিচালকের মিষ্টি স্ট্যাটাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উড়োজাহাজের ভেতরে মেহজাবীনের তোলা সেলফিতে আদনান
ছবি : সংগৃহীত

পরিচালক ও নায়িকার প্রেম নতুন কিছু নয়। দেশ-বিদেশের অনেক নায়িকাকেই দেখা গেছে পরিচালকের প্রেমে জড়াতে। ক্ষেত্রবিশেষে বিয়ে করে দিব্যি সংসারও করছেন অনেকে। পশ্চিমা দেশগুলো কিংবা ভারতেও এসব নিয়ে কোনো লুকোচুরি নেই। ঢাকায় কিছুটা আছে। বাংলাদেশের তারকাদের বিশ্বাস, লুকিয়ে প্রেম দোষের কিছু নয়। তবে প্রেম ও বিয়ের খবর ভক্তরা জানলে তাঁদের কাছে আবেদন কমে যাবে। অবশ্য কেউ কেউ এসব মানতে নারাজ। জনপ্রিয় টেলিভিশন তারকা মেহজাবীন চৌধুরীর সঙ্গে নাটক ও বিজ্ঞাপনচিত্র নির্মাতা আদনান আল রাজীবের প্রেমের খবর অনেক দিন ধরে হাওয়ায় ভাসছে। কেউ কিছু না বললেও বিনোদন অঙ্গনে তাঁদের প্রেম নিয়ে আলোচনা হয়। মেহজাবীনের জন্মদিনে দুজনার একটি ছবি পোস্ট করেছেন আদনান। এরপর আর কারও কিছু বুঝতে বাকি থাকে না।

মেহজাবীন চৌধুরী
ছবি: সংগৃহীত

আজ মঙ্গলবার মেহজাবীনের জন্মদিন। বিশেষ এই দিনে শুভেচ্ছা আর শুভকামনায় ভাসছেন তিনি। ফেসবুকে ভক্ত ও কাছের মানুষেরা তাঁকে নানাভাবে শুভেচ্ছা জানাচ্ছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে অন্যদের মতো শুভেচ্ছা জানিয়েছেন বিজ্ঞাপন নির্মাতা আদনান আল রাজীবও। তবে রাজীবের এই শুভেচ্ছা অন্যদের চেয়ে আলাদা। রাজীবের সঙ্গে মেহজাবীনের প্রেম, বিনোদন অঙ্গনে সেটা সবার জানা। অনেকে বলেন, ওরা তো দিব্যি সংসার করছেন। তবে বিষয়টি নিয়ে মুখ খোলেননি দুজনের কেউ। বিয়ে ও প্রেমবিষয়ক প্রশ্নে বরাবরই এড়িয়ে গেছেন।

গত বছরের ১৮ ডিসেম্বর আদনান আল রাজীব ইনস্টাগ্রামে অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর সঙ্গে একটি ছবি পোস্ট করে লেখেন, ‘ভালোই লাগে’। ছবিটির নিচে একাধিক তারকা মন্তব্য করেন, শুভকামনা জানান

ফেসবুকে পোস্ট করা ওই ছবির সঙ্গে আদনান লিখেছেন, ‘শুভ জন্মদিন, চমৎকার হৃদয়ের মানুষ মেহ্‌জাবীন চৌধুরী। তুমি আমার সারা বছরের শক্তি ও সাহস। তুমি আমার উজ্জ্বল নক্ষত্র।’ জন্মদিন উপলক্ষে মেহজাবীনকে উদ্দেশ্য করে রাজীবের শুভেচ্ছায় তাঁদের প্রেম নিয়ে নতুন করে গুঞ্জন সৃষ্টি হয়। অন্যদিকে আদনানের পোস্ট ভীষণ ভালো লেগেছে মেহজাবীনেরও। প্রথম আলোকে তিনি বলেন, ‘আমি তখন শুটিংয়ে ছিলাম। পোস্ট দেওয়ার মিনিট ১০-১৫ মিনিট পর দেখেছি। টেক্সটা খুবই সুইট। আমার খুব ভালো লেগেছে।’

মেহজাবীন চৌধুরী

মেহজাবীন ২০০৯ সালে লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে বিনোদন অঙ্গনে কাজ শুরু করেন। এরপর নাটকে নিয়মিত অভিনয় করে আসছেন। তবে তিনি এখনো কোনো চলচ্চিত্রে অভিনয় করেননি। আদনান আল রাজীব বিজ্ঞাপন ও নাটকে হাত পাকিয়েছেন। এরই মধ্যে মুক্তি পেয়েছে তাঁর প্রথম ওয়েব ফিল্ম ‘ইউটিউমার’।