মৌ যেভাবে গোয়েন্দা পুলিশ

গোয়েন্দা পুলিশ হতে গেলে কী কী লাগে? প্রশ্নটা কঠিনই। তবে সহজ করে নিয়েছেন সাদিয়া ইসলাম মৌ। কারণ, তাঁর সঙ্গে অভিনয় করছেন সত্যিকারের পুলিশ কর্মকর্তা ডি এ তায়েব। আর গোয়েন্দা কর্মকর্তার চরিত্রে অভিনয় করছেন মৌ। ফলে চরিত্রটিকে ঠিকভাবে ফুটিয়ে তোলার জন্য নানা ধরনের পরামর্শ নিয়েছেন ডি এ তায়েবের কাছে।
পরিচালক জি এম সৈকত বলেন, ‘কিছুদিন আগে আমার পরিচালনায় কাঙাল নামে একটি টেলিছবিতে অভিনয় করেছেন মৌ এবং ডি এ তায়েব। সেখানে মৌ অভিনয় করেছেন গোয়েন্দা পুলিশ কর্মকর্তার চরিত্রে। আর ডি এ তায়েব হয়েছেন সন্ত্রাসী। গোয়েন্দা কর্মকর্তার চরিত্রটি করতে গিয়ে ডি এ তায়েবের কাছে মৌ আপু স্যালুট দেওয়া, আসামি ধরার কৌশলসহ নানা ধরনের পরামর্শ নিয়েছেন। এ কারণেই ভালো একটি টেলিছবি নির্মাণ করা সম্ভব হয়েছে।’
বেশ কিছুদিন আগে ঢাকার বিভিন্ন লোকেশনে টেলিছবিটির শুটিং শেষ হয়েছে। সৈকত জানান, ২৪ জানুয়ারি রাত আটটায় এসএ টিভিতে প্রচারিত হবে টেলিছবিটি।