মৌসুমী হামিদের ঈদ কেটেছে সাতক্ষীরায়, টিভি দেখে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌসুমী হামিদ
মৌসুমী হামিদ

গরু কিংবা খাসি নয়। মৌসুমী হামিদের কাছে মায়ের হাতের ডালের বড়ি আর বেগুন দিয়ে রান্না করা নিরামিষ বেশি পছন্দ। তাই ঈদ কাটাতে সাতক্ষীরা যাওয়ার পর থেকেই চলছে সেই নিরামিষভোজ। রাতে এক বাটি, সকালে এক বাটি—এভাবেই চলছে। ছুটির আমেজ পুরোটাই লেগে আছে মৌসুমীর ঈদে।
মৌসুমী বলেন, ‘ঈদ কেটেছে সাতক্ষীরায়, টিভিতে ছবি দেখে। কখনো অ্যাকশন তো কখনো হরর মুভি।’ ঈদের সকালে কোরবানি দেখা তাঁর একেবারে ধরাবাঁধা নিয়ম প্রতিবছরের। কিন্তু এরপর আর কোনো কাজ নেই। বন্ধুরা আগের মতো সবাই আশপাশে নেই, তাই ঈদের সকাল থেকেই ঘোরাঘুরি আর আড্ডাবাজির সুযোগ হয় না। ছোটবেলা সবার সঙ্গে বসে মৌসুমী মাংস কাটতেন, কিন্তু এখন তা-ও আর করা হয় না। একটু পর পর মায়ের হাতের চা, ফেসবুক আর মুভি—এই নিয়েই মৌসুমীর ঈদের সকাল।
বিকেলে মৌসুমী ঘুরতে বের হন তাঁর শহরে। বন্ধুদের সঙ্গে দেখা, আড্ডা, আনন্দ চলে সন্ধ্যা পর্যন্ত। তবু বড় হয়ে যাওয়ায় কিঞ্চিৎ আফসোস রয়েছে মৌসুমীর মনে। কারণ আগের মতো ঈদের হইহুল্লোড় এখন আর করা হয় না।
গ্রন্থনা: সেঁজুতি শহীদ