‘মোটামুটি বাবার মুখ রাখার চেষ্টা এখনো করে চলেছি...’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরিবারে অনুসরণীয় মানুষ হিসেবে প্রথমেই ধরা পড়ে বাবার মুখ। তাই বাবা হয়ে ওঠার প্রাণান্ত চেষ্টা থাকে জীবনজুড়ে। শুধু তা–ই নয়, আশপাশের সবাই চান, ছেলে যেন বাবার মতো হয়ে ওঠেন। অভিনেতা চঞ্চল চৌধুরীর বেলায়ও তাই ঘটল। সম্প্রতি একটি ফেসবুক পোস্টে সে ঘটনা জানালেন ‘মনপুরা’খ্যাত অভিনেতা। ফেসবুক পোস্টে তিনি লিখলেন, বাবার ‘মুখ’ রাখার চেষ্টা এখনো করে যাচ্ছেন অবিরাম।
বাবার হাত ধরা হাস্যোজ্জ্বল একটি ছবি ফেসবুকের কভার ফটো দিয়েছেন চঞ্চল চৌধুরী। ছবির সঙ্গে জুড়ে দিয়েছেন বাবাকে নিয়ে চঞ্চলের মুগ্ধতা। লিখেছেন এভাবে,

আমাদের বাবা...

প্রাথমিক বিদ্যালয়ের
অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক।
ছোটবেলা থেকে হাজার মানুষের মুখে শুনেছি...

‘তুমি কিন্তু মাস্টারের ছাওয়াল। ঠিকমতো পড়াশোনা করা লাগবি, ভালো মানুষ হওয়া লাগবি, সৎ মানুষ হওয়া লাগবি বাপের মতন। তা না হলি কিন্তু তুমার বাবার মুখ থাকপিনে।’

অভিনেতা চঞ্চল চৌধুরী

শিক্ষকদের সন্তানদের জন্য এটা ছিল বাড়তি চাপ...
মোটামুটি বাবার মুখ রাখার চেষ্টা এখনো করে চলেছি...
নতুন প্রজন্মের সবাই যদি অন্তত
বাবা–মায়ের মুখটা রাখার চেষ্টা করত...
দেশের মঙ্গল হতো...

স্ট্যাটাসটি পড়ার পরে আর বুঝতে বাকি থাকে না বাবার সম্মান যেন নষ্ট না হয়, সেদিকে সব সময়ই নজর ছিল এই অভিনেতার। ‘মাস্টারের ছাওয়াল’ ঠিকমতো পড়াশোনা করেছেন। ভালো মানুষ হয়েছেন।

শুধু তা–ই নয়, নিজের পেশা ‘অভিনয়’ দিয়ে নিজেকে নিয়ে গেছেন অন্য উচ্চতায়। যে প্রধান শিক্ষক বাবার পরিচয়ে শৈশবে পরিচিত হয়েছেন কিংবা এখনো হচ্ছেন, কখনো কখনো সেই বাবাও গর্বভরে পরিচিত হন অভিনেতা চঞ্চল চৌধুরীকে দিয়ে। তাই ‘মোটামুটি’ নয়, চঞ্চল চৌধুরীর ভক্তরা বুঝিয়ে দিয়েছেন বাবার ‘মুখ’ রাখতে পেরেছেন চঞ্চল।

না হলে এই পোস্টে লাখের কাছাকাছি প্রতিক্রিয়া ধরা পড়ে! ওই স্ট্যাটাসে ৪২ হাজারের ওপরে ‘লাইক’ এবং ৩৫ হাজার ‘লাভ’ প্রতিক্রিয়া দেওয়া হয়েছে। মন্তব্য করা হয়েছে আড়াই হাজারের ওপরে। চলুন, ঘুরে আসা যাক সেসব থেকে।

মায়ের সঙ্গে চঞ্চল চৌধুরী
ফেসবুক

জান্নাত আর রোজি মন্তব্য করেছেন, ‘কাকা বাবুকে হাজারও সালাম, কিছুদিন আগে বাড়ি গেছিলাম। অনেক কথা হলো। আমাদের এলাকায় কাকা বাবু সবচেয়ে বয়োজ্যেষ্ঠ, আল্লাহপাক দীর্ঘজীবী করুন।’
আশরাফ রবি লিখেছেন, ‘শ্রদ্ধা জানাই একজন আদর্শবান শিক্ষককে। যিনি তাঁর সন্তানদের আদর্শবান করে গড়ে তুলেছেন।’
এমডি আবুল হোসাইন বলেছেন, ‘আপনি ঠিক কথাই বলেছেন। আপনার বাবার প্রতি বিনম্র শ্রদ্ধা।’

সুফিয়া বকুল লিখেছেন, ‘এখন লোকজন কী বলে, নিশ্চয় বলে, মাস্টার সাহেবের ছাওয়াল একখান মানুষ হইছে বটে।’তন্ময় চক্রবর্তী মন্তব্য করেছেন, ‘আপনি পেরেছেন তো দাদা। বাবাকে প্রণাম জানাই।’

চঞ্চল চৌধুরী
প্রথম আলো

অভিনেতা হিসেবে জনপ্রিয় হলেও বাবার পেশা শিক্ষকতা দিয়েই কর্মজীবন শুরু হয়েছিল চঞ্চল চৌধুরীর। এর আগে একটি ফেসবুক স্ট্যাটাসে এ ব্যাপারে জানিয়েছিলেন তিনি। চঞ্চল চৌধুরী ওই স্ট্যাটাসে লিখেছিলেন, ‘শিক্ষকতা আমার প্রিয় পেশা। আমার অবসরপ্রাপ্ত বাবা থেকে শুরু করে পরিবারের অনেকেই এই মহৎ পেশায় কাজ করেছেন এবং করছেন। আমিও বিশ্ববিদ্যালয়ের পাঠ শেষ করে শিক্ষকতাকেই পেশা হিসেবে বেছে নিয়েছিলাম।’
চঞ্চল চৌধুরী ২০০১ থেকে ২০০৭ সাল পর্যন্ত সোডা, কোডা, ইউডাতে শিক্ষকতা করেছেন।