মোশারফ করিম ফেস্টের শেষ নাটক আজ

ঈদের দিন থেকে শুরু হয়েছিল ‘মোশাররফ করিম কমেডি ফেস্ট’। গাজী টিভিতে অভিনেতা মোশাররফ করিমকে নিয়ে ঈদের সাত দিনের অনুষ্ঠানমালায় প্রচারের জন্য সাতটি নাটক তৈরি করা হয়। আজ শেষ নাটক ‘জি স্যার ঠিক বলছেন’ দিয়ে শেষ হচ্ছে এই আয়োজন।
উৎসবের অন্য নাটকগুলোর মতো আজকের নাটকটিও প্রচারিত হবে রাত ১০টা ৩০ মিনিটে গাজী টিভিতে। ‘জি স্যার ঠিক বলছেন’ রচনা ও পরিচালনা করেছেন মারুফ মিঠু।
নাটকে দেখা যাবে, শিপিং লাইনে দেশের অন্যতম ব্যবসা প্রতিষ্ঠানের নাম এম ট্রেডিং। এই অফিসের বস রেজাউল হাসান। সবাই তাঁকে তেল দিতে ব্যস্ত। তিনি সবজান্তা। পলিটিকস থেকে কাঁচাবাজার সবই তিনি জানেন ও বোঝেন। অফিসের সবাই তাঁর সব কথায়, ‘জি স্যার, জি স্যার’ করে। কিন্তু সত্যিকার অর্থে অফিসের পিয়ন থেকে শুরু করে কেউ-ই তাকে দেখতে পারে না। মাত্র একজন তাঁর কথার প্রতিবাদ করার সাহস রাখে। সে ইকবাল। ইকবাল তার বসকে অপছন্দ করে না, কিন্তু তেল দিতেও রাজি না।
অফিসে একদিন একটা খবর আসে। প্রতিষ্ঠানের মালিক, যিনি সিঙ্গাপুর থাকেন, তিনি বস রেজাউলকে একটা মেইল করেছেন। অফিসের একজনের চাকরি চলে গেছে। কার চাকরি গেছে, সেটা জানানো হবে পরে। এ নিয়ে অফিসে তুমুল আলোচনা। কার চাকরি গেল? কেন গেল? এভাবেই গল্প নতুন দিকে মোড় নেয়।