মোশাররফ করিমের ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক

এমনিতে সামাজিক যোগাযোগমাধ্যমে খুব একটা সরব নন অভিনেতা মোশাররফ করিম। তবে বন্ধু, স্বজন ও ভক্তদের জন্য ফেসবুকে তিনি মাঝমধ্যে ঢুঁ মারেন। তাঁর ব্যক্তিগত অ্যাকাউন্টের মাধ্যমেই ফেসবুকে তাঁর একমাত্র ফ্যানপেজটি পরিচালনা করা হয়। কিন্তু গতকাল শুক্রবার মোশাররফ করিম জানতে পারেন তাঁর সেই ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট ও ফ্যানপেজ হ্যাক হয়ে গেছে।
গতকাল কথা হয় মোশাররফ করিমের সঙ্গে। তিনি বলেন, অ্যাকাউন্ট হ্যাক হওয়ার খবর তিনি জানতে পারেন তাঁর ফ্যানপেজ অ্যাডমিনের কাছ থেকে। মোশাররফ তাঁর ফ্যানপেজ ব্যবস্থাপনার জন্য নিজ অ্যাকাউন্ট থেকে পেজে কয়েকজন অ্যাডমিন যুক্ত করেন। কিন্তু অজ্ঞাত হ্যাকাররা মোশাররফের সেই অ্যাকাউন্টে ঢুকে অ্যাডমিনদের পেজ থেকে সরিয়ে দেয়। তাই মোশররফ এখন এ নিয়ে শঙ্কায় রয়েছেন। তিনি প্রথম আলোকে বলেন, ‘অ্যাকাউন্ট হ্যাক করে নানাভাবে জটিলতা সৃষ্টি করা যায়। হ্যাকাররা আমার ফেসবুক বন্ধু ও পেজের ভক্তদের বিভ্রান্ত করতে পারে। তাই বিষয়টির ব্যাপারে আমি সবাইকে দ্রুত অবগত ও সতর্ক করতে চাইছি। হ্যাকাররা যেন কোনোভাবেই আমার পরিচিতজন কিংবা ভক্তদের কাছ থেকে কোনো সুবিধা নিতে না পারে।’
অ্যাকাউন্ট পুনরুদ্ধারের ব্যাপারে কী পদক্ষেপ নেবেন—জানতে চাইলে মোশাররফ বলেন, ‘আমরা এখনো বুঝতে পারছি না কীভাবে অ্যাকাউন্ট হ্যাক হলো। পেজ অ্যাডমিনরা বিষয়টি দেখছেন। যেহেতু আমি সামাজিক যোগাযোগমাধ্যমে খুব বেশি সরব নই, তাই তাঁদের সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেব।’