মোশাররফ যখন শাহানশাহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কালপুরুষ কানাগলি টেলিছবির একটি দৃশ্য
কালপুরুষ কানাগলি টেলিছবির একটি দৃশ্য

ঠিক ২০ বছর পর হারিয়ে যাওয়া শাহানশাহ ফিরে আসে বাড়িতে। বদলে যাওয়া শহর, শহরের জীবন, মানুষের বিশ্বাস—এমনকি সম্পর্কগুলো একে একে সামনে দাঁড়ায় তাঁর। জীবন ও বোধের নানা ধরনের সম্পর্ক নিয়ে নির্মিত হলো একটি টেলিছবি। নাম কালপুরুষ কানাগলি। নির্মাতা পিঁপড়াবিদ্যাখ্যাত অভিনেতা নূর ইমরান মিঠু। তাঁর পরিচালনায় শাহানশাহ চরিত্রটি ফুটিয়ে তুলেছেন মোশাররফ করিম।
পরিচালক বললেন, টেলিছবির শুটিং হয়েছে এ মাসের শুরুতে। লোকেশন ছিল হাজারীবাগ ও জেনেভা ক্যাম্প।
উত্তরা, দিয়াবাড়ী কিংবা পুবাইলে শুটিংয়ে অভ্যস্ত মোশাররফ করিমের কাছে এমন লোকেশনে অভিনয় করা ছিল অন্য রকম অভিজ্ঞতা। সে অভিজ্ঞতার ছোট্ট একটা উদাহরণ দিলেন এভাবে, ‘জেনেভা ক্যাম্পে যখন শুটিং করতে যাই, তখন অন্য রকম কিছু ঘটনার মুখোমুখি হয়েছিলাম। সেসব থাক। ওখানে একটা কাওয়ালি গানের দল আছে। ওদের সঙ্গে কাজ হলো। জেনেভা ক্যাম্পের আটপৌরে জীবনের মধ্যে যে কয়েকজন কাওয়ালিশিল্পী আছেন, এটা আগে জানা ছিল না।’
মোশাররফ কালপুরুষ কানাগলির গল্প প্রসঙ্গে শুধু বললেন, এটি জীবনের গভীরের গল্প।
পরিচালক বললেন, ‘গল্পটি শোনার পর মোশাররফ ভাই অনেক প্রশংসা করেছেন। তাঁর পূর্ণ সহযোগিতা নিয়েই কাজটি করেছি।’
টেলিছবিতে আরও অভিনয় করেছেন শাহাদাত হোসেন, ফারজানা চুমকি, জুঁই করিমসহ অনেকে। এটি প্রচারিত হবে চ্যানেল আইতে।