মৌ-আফজালের 'অপরিচিতা'

‘অপরিচিতা’ নাটকে জুটি বেঁধে অভিনয় করছেন অভিনেতা-নির্মাতা আফজাল হোসেন ও মডেল-অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌ। পান্থ শাহ্রিয়ারের রচনায় নাটকটির পরিচালক ‘এক কাপ চা’খ্যাত নির্মাতা নঈম ইমতিয়াজ নেয়ামূল। নাটকটির গুরুত্বপূর্ণ আরেকটি চরিত্রে অভিনয় করছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া অভিনেতা রাইসুল ইসলাম আসাদ। এবার ঈদে নাটকটি প্রচার করবে এনটিভি।
নির্মাতা নঈম ইমতিয়াজ নেয়ামূল জানান, এই মুহূর্তে গুলশানে চিত্রনায়িকা দিতির শুটিং হাউসে ‘অপরিচিতা’ নাটকের শুটিং চলছে। ঈদ উপলক্ষে নাটকটি নির্মিত হচ্ছে। ঈদে বেসরকারি স্যাটেলাইট টিভি চ্যানেল এনটিভিতে নাটকটি দেখতে পারবেন দর্শকেরা।

‘অপরিচিতা’ নাটকের কাহিনিতে দেখা যাবে, আনিস সাহেব দীর্ঘদিন ধরে একটা ফ্ল্যাটে একা থাকেন। একমাত্র পাশের ফ্ল্যাটের সাত্তার সাহেবের সঙ্গে একটু মেলামেশা করেন। সাত্তারও একা থাকেন। এক সন্ধ্যায় কলিং বেলের শব্দ পেয়ে দরজা খুলতেই চমকে ওঠেন আনিস। দরজার ওপাশে এক তরুণী দাঁড়িয়ে আছে। আনিসকে কথা বলার সুযোগ না দিয়েই মেয়েটা বাসার ভেতরে ঢুকে পড়ে। জানায়, ভীষণ বিপদে পড়েই তাকে আসতে হয়েছে। রাতে যদি তাকে থাকার সুযোগ না দেওয়া হয় তাহলে হয়তো মৃত্যু ছাড়া আর কোনো পথ থাকবে না। মেয়েটাকে বোঝাবার চেষ্টা করেও একটা পর্যায়ে যুক্তিতে হেরে গিয়ে আশ্রয় দিতে রাজি হন আনিস। সারা রাত ঘুমহীন কেটে যায় আনিসের। নিজের অজান্তেই কোথায় যেন একটা যোগ তৈরি হয় অপরিচিত মেয়েটির সঙ্গে। আনিস পরদিন ভোরে সারা বাসা খুঁজে কোথাও মেয়েটাকে পান না। পাশের ফ্ল্যাটের সাত্তার সাহেবকে একবার জিজ্ঞেস করে দেখতে চান আনিস। বেরিয়ে এসে দেখতে পান সাত্তারের ফ্ল্যাটে তালা ঝুলছে। পাশ দিয়ে যেতে থাকা দারোয়ানকে জিজ্ঞেস করতেই জানা যায়, ওই ফ্ল্যাটে গত ছয় মাস ধরেই তালা ঝুলছে। রহস্যময় এমন ঘটনায় অবাক হন আনিস। এভাবেই এগিয়ে চলে ‘অপরিচিতা’ নাটকের কাহিনি।