যমুনা টেলিভিশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদে তিন দিনের আয়োজন থাকছে যমুনা টেলিভিশনে। ঈদের দিন থেকে তৃতীয় দিন পর্যন্ত বিশেষ ‘সকালের বাংলাদেশ’ দেখানো হবে সকাল ৭টা ৩০ মিনিটে। সমাজের বিভিন্ন ক্ষেত্রে আত্মত্যাগকারী কয়েকজন মানুষের জীবনের গল্প নিয়ে তৈরি ডকুমেন্টারি ‘ত্যাগের মানুষ’ দেখানো হবে ঈদের দিন সকাল ১০টায়। রাজনীতিবিদ, ক্রীড়াবিদ ও সিনেমার নায়ক-নায়িকাদের সিনেমা দেখার গল্প ও অভিজ্ঞতার কথা জানা যাবে ‘ব্লকবাস্টার সিনেমাস’ অনুষ্ঠানে। প্রচারিত হবে ঈদের তিন দিন বিকেল ৪টায়। ১৩ থেকে ১৯ বছর বয়সী টিনএজারদের নিয়ে ঈদের অনুষ্ঠান অন্য রকম ঈদ প্রচারিত হবে ঈদের দিন দুপুর ১২টায়। অনেক বছর ধরে দেশে পরিবারের সঙ্গে ঈদ উদ্‌যাপন করতে পারছেন না—এমন কয়েকজন প্রবাসী বাংলাদেশির ঈদস্মৃতি নিয়ে তৈরি হয়েছে ‘প্রবাসে প্রিয়জন’ অনুষ্ঠানটি। প্রচারিত হবে ঈদের তিন দিন বেলা ৩টায়। ঈদের তিন দিন সন্ধ্যা ৬টা ১০ মিনিটে একসঙ্গে চট্টগ্রাম, খুলনা, রাজশাহী ও সিলেটের রান্নাঘর থেকে প্রচারিত হবে ‘লাইভ কিচেন’ অনুষ্ঠানটি। এ ছাড়া প্রবাসী রাঁধুনিরাও যুক্তরাষ্ট্র, লন্ডন, অস্ট্রেলিয়া আর দুবাই থেকে যোগ দেবেন এই লাইভ রান্নার অনুষ্ঠানে। ঈদের বিশেষ ‘শোবিজ টুনাইট’ ঈদের তিন দিন রাত ৮টায় প্রচারিত হবে। চিত্রনায়ক শাকিব খান, নবাগত নায়িকা বুবলী, ফিডব্যাক ব্যান্ডের সদস্যরা এই ঈদ আড্ডায় অংশ নেবেন। ‘যমুনার স্বপ্নযাত্রা’ অনুষ্ঠানে অংশ নেবেন গানের দল শিরোনামহীন, বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের সদস্য ও মীরাক্কেলখ্যাত কয়েকজন তারকা। তাঁরা ঈদের আনন্দ ভাগাভাগি করবেন সমাজের সুবিধাবঞ্চিত মানুষের সঙ্গে। ঈদের তিন দিন রাত ৯টায় এই অনুষ্ঠানটি প্রচারিত হবে। ‘যমুনার নিমন্ত্রণ’ অনুষ্ঠানে ঈদের তিন দিন রাত ১১টায় দেখা যাবে ফেরদৌস ওয়াহিদ, ডলি সায়ন্তনী ও দিঠি আনোয়ারের পরিবেশনা।