যুক্তরাষ্ট্রে সপরিবারে অবকাশ যাপনে অপূর্ব

স্ত্রী অদিতি ও একমাত্র সন্তান দেড় বছর বয়সী আয়াশকে নিয়ে অবকাশযাপনে যাচ্ছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনয়শিল্পী অপূর্ব। গন্তব্য হিসেবে বেছে নিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্র। দেড় মাসের এই সফরে অপূর্ব যুক্তরাষ্ট্রের বিভিন্ন জায়গা ঘুরে বেড়াবেন। নতুন অভিজ্ঞতা নিয়ে তারপর দেশে ফিরবেন। আজ সোমবার সকালে প্রথম আলোর সঙ্গে কথা প্রসঙ্গে এ তথ্য জানিয়েছেন তিনি।
ছোটপর্দার অভিনয়শিল্পী অপূর্বর জনপ্রিয়তা বেড়েছে। এরই মধ্যে বড়পর্দাতেও কাজ করার অভিজ্ঞতা হয়েছে। সম্প্রতি মুক্তি পেয়েছে অপূর্ব অভিনীত প্রথম চলচ্চিত্র। কিছুদিন আগে আরেকটি নতুন চলচ্চিত্রে অভিনয়ের ব্যাপারেও তাঁর সঙ্গে একটি প্রযোজনা প্রতিষ্ঠানের কথাবার্তাও চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছেন তিনি। যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরার পরই নতুন ছবির কাজ শুরুর ব্যাপারে বিস্তারিত জানাতে পারবেন।
এ দিকে যুক্তরাষ্ট্রে বেড়াতে যাওয়া প্রসঙ্গে অপূর্ব বলেন, ‘একটানা কাজ করতে করতে হাঁপিয়ে উঠেছি। এতে পরিবারকে সেভাবে সময় দেওয়া সম্ভব হয় না। তাই ভাবলাম, কয়েকটা দিন পরিবারকে নিয়ে নিজের মতো করে কাটিয়ে আসি। যে সময়টাতে কাজের কোনো যন্ত্রণা থাকবে না। পুরো ব্যাপারটি শুধুই ঘোরাঘুরি ছাড়া আর কিছু না।’ তিনি বলেন, ‘স্ত্রী-সন্তানসহ সবাই মিলে সিদ্ধান্ত নিয়ে যুক্তরাষ্ট্র যাওয়ারই সিদ্ধান্ত নিলাম। দেশে ফিরে এসে আবার পুরোদমে কাজে মন দেব।’
এদিকে, আজ সোমবার সকালে যখন অপূর্বর সঙ্গে কথা হচ্ছিল; তখন তিনি পুবাইল নতুন একটি ধারাবাহিক নাটকের শুটিং করছেন বলেই জানান। ধারাবাহিক নাটকটির নাম ‘সম্রাট’। সৈয়দ শাকিল পরিচালিত এই নাটকে অপূর্বর সহশিল্পী নাদিয়া।
‘সম্রাট’ নাটকটি প্রসঙ্গে অপূর্ব বলেন, ‘এখানে প্রথমে আমার চরিত্রটি থাকে বড়লোকের বখে যাওয়া এক ছেলের। যে জীবনে কোনো দায়িত্বই নিতে চাইতো না। কিন্তু ঘটনাচক্রে তাঁর জীবনে এমনই এক মোড় আসে, যখন সে নিজের প্রতিষ্ঠানের সব দায়িত্ব নিতে বাধ্য হয় এবং এ ক্ষেত্রে সে একেবারেই আনাড়ি বলে অনেক ভুল সিদ্ধান্তও নিয়ে ফেলে।’ অপূর্ব বলেন, ‘মূলত একটি যুবকের বাস্তব জীবনসংগ্রামের বিষয়টিই এই নাটকের গল্পে ফুটিয়ে তোলা হয়েছে।’