যে কারণে পয়লা বৈশাখে তারিক আনাম খানের মন খারাপ ছিল
পয়লা বৈশাখে ঘুরেফিরে শৈশবের দিনগুলো স্মৃতিকাতর করে তোলে অভিনেতা তারিক আনাম খানকে। সেই দিনগুলোর মধ্যে এখনো খুঁজে পান আনন্দ। বৈশাখ মানেই হালখাতা, পেটপুরে মিষ্টি খাওয়া, গানবাজনা হুইহুল্লোড়ে দিনটি কাটত। পরবর্তী সময়েও বাঙালি সংস্কৃতিতে দিনটি সবার সঙ্গে উদ্যাপন করতেন। কোথাও আনন্দের ঘাটতি থাকত না। কিন্তু বর্তমান পরিস্থিতিতে মন খারাপ তারিক আনাম খানের। সেই কথা জানালেন এই অভিনেতা।
গুণী এই অভিনেতা ফেসবুকে লিখেছেন, ‘ছোটবেলা থেকে পয়লা বৈশাখ মানে হালখাতা, সেখানে পেটপুরে মিষ্টি খাওয়া, কোনো কোনো দোকানে মাইকে গান বাজত। বাজার থেকে কেনা হতো খই বাতাসা মুড়ি মুড়কি। কিনে বন্ধু, পরিবারের লোকদের সঙ্গে খাওয়া। আর স্কুল ছুটি, ওটাই বড় আনন্দের। বাড়িতেও আয়োজন থাকত। মা খুব সাধারণ ছিলেন। তিনি বাংলা মাসের হিসাব সব সময় মনে রাখতেন। আশপাশের সাধারণ মানুষের ফসল আর কাজকর্মের হিসাব সব বাংলা সন তারিখেই। চাষি কামার কুমোর তাঁতি জেলে সবার।’
তবে শৈশবে তারিক আনাম খানের কাছে বিশেষ আকর্ষণ ছিল হালখাতা। এই প্রসঙ্গে তারিক আনাম খান লিখেছেন, ‘বাবা টাকা জমিয়ে রাখতেন হালখাতায় দিতে হবে তাই। বাকি রাখার কোনো কারণ ছিল না। তবু দোকানি এবং ক্রেতা উভয়ই সেটা করত পয়লা বৈশাখের হালখাতার দিনে মিলিত হওয়ার জন্য। ঘোষদের দোকান থেকেই তো আসত মিষ্টি, নিমকি ইত্যাদি। ফুল লতাপাতা দিয়ে সাজানো হতো দোকানগুলো। খই বাতাসা কারা বানাত জিজ্ঞেস করতেও মন চায়নি কোনো দিন। আলাদা কিছু নয়তো, সব মিলেমিশেই তো আমরা।’
এসবের পরেই তিনি লিখেছেন মন খারাপ। অতীতের চিন্তা করেই কি তিনি লিখেছেন মন খারাপ? এই অভিনেতার কাছে জানতে চেয়েছিলাম কেন মন খারাপ? তিনি বলেন, ‘এখন নববর্ষে এটা–ওটা করা যাবে না, কিন্তু আমরা আগে সবাই অসাম্প্রদায়িকভাবে উৎসব উদ্যাপন করতাম। আজকের এই দিনটা চাইনি। আমি বলতে চেয়েছি, আমরা সব সময় একসঙ্গে দিনটি উদ্যাপন করেছি। উৎসবকে কেন্দ্র করে অন্য ধর্মের বন্ধুদের বাড়িতে যাওয়া–আসা থাকত। সবাই সবার ধর্ম পালন করতেন। তবে বিভাজন কোনোভাবেই কাম্য নয়। আমাদের পজিটিভ একটি দেশ কাম্য করা। যেভাবে দেখে এসেছি, সেভাবেই আমাদের সমাজ, দেশটা এগিয়ে যাক। আমাদের একটা নিজস্ব বর্ষ আছে। আমাদের নিজস্ব ভাষা আছে, নিজের সংস্কৃতি আছে। এটা আমাদের অনেক গর্বের।’