যে কারণে সরে যাচ্ছেন লাভলু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সালাউদ্দিন লাভলু
প্রথম আলো

আর কয়েক দিন পরই ডিরেক্টরস গিল্ডের সাধারণ সভা। এরপর জানা যাবে সংগঠনটির আগামী নির্বাচন কবে হবে? আগামী নির্বাচন যখনই হোক, সেখানে প্রতিদ্বন্দ্বিতা করতে দেখা যাবে না বর্তমান সভাপতি সালাউদ্দিন লাভলুকে। সাংগঠনিক কাজ থেকে সরে যাওয়ার ক্ষেত্রে দুটি কারণ উল্লেখ করলেন তিনি।
প্রথম আলোর সঙ্গে আলাপে সালাউদ্দিন লাভলু জানালেন, সংগঠন পরিচালনা করতে গিয়ে কিছু অভিজ্ঞ নির্মাতার খোঁজ পেয়েছেন তিনি। এই নির্মাতারা সংগঠন পরিচালনায় তাঁর থেকেও অনেক দক্ষ। এই দক্ষ আর অভিজ্ঞ নেতৃত্বকে জায়গা দিতে তিনি নিজেই সরে দাঁড়াচ্ছেন আগামী নির্বাচন থেকে। এটাকে প্রথম কারণ হিসেবে উল্লেখ করলেও পরিচালনার কাজে ঠিকমতো মন দিতে পারাকে দ্বিতীয় কারণ বলতে চাইছেন তিনি।

ডিরেক্টরস গিল্ডের বর্তমান সভাপতি সালাহউদ্দিন লাভলু ও সাধারণ সম্পাদক এস এ হক অলিক । ছবি: প্রথম আলো


অভিনেতা ও নির্মাতা সালাউদ্দিন লাভলু ছোট পর্দার নির্মাতাদের সভাপতি নির্বাচিত হন। এরপর বিভিন্ন সময় সংগঠনের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সেখানে সাধারণ সদস্য বা নির্বাচিত নেতাদের কথায় উঠে এসেছে সংগঠন নিয়ে গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়। লাভলু জানান, একটি সংগঠন চালাতে গেলে বিভিন্ন কাজ করতে হয়।

সেখানে দক্ষ মানুষ দরকার জানিয়ে বললেন, ‘দায়িত্ব পালন করতে গিয়ে আমার মনে হয়েছে, নির্মাতাদের মধ্যে অনেকেই সংগঠন সম্পর্কে খুব সচেতন। কোন কাজ কীভাবে করা উচিত, কাকে কীভাবে ম্যানেজ করা যাবে, সেটা তাঁরা ভালোই বোঝেন। তাঁরা সংগঠন পরিচালনায় এলে ভালো হবে।’

ডিরেক্টরস গিল্ডের নির্বাচনের দিন সালাহউদ্দিন লাভলু, এস এ হক অলিক, মোহাম্মদ মোস্তফা কামাল রাজ ও সৈয়দ আওলাদ। ছবি: প্রথম আলো

আগামী নির্বাচন থেকে সরে যাওয়ার কারণ হিসাবে সালাউদ্দিন লাভলু আরও জানান, নির্বাচনের কারণে ব্যক্তিগতভাবে তাঁর পরিচালনার কাজের খুব ক্ষতি হয়েছে। গত দুই বছর তিনি সাংগঠনিক কাজে ব্যস্ত থাকায় নাটক নির্মাণে সময় দিতে পারেননি। ২৬ পর্বের একটি মাত্র ধারাবাহিক নাটক নির্মাণ শেষ করতে পারলেও নাটকটির আবহ সংগীত ও সম্পাদনার কাজ এখনো চলছে। এ জন্য ব্যক্তিগতভাবে আর্থিক ক্ষতি হয়েছে এই নেতার।
সংগঠনের দায়িত্ব নেওয়ার পর থেকেই সফলতা ও ব্যর্থতা—দুটোই স্বীকার করেন করলেন সালাউদ্দিন লাভলু। ব্যর্থতার কারণ হিসেবে তিনি জানালেন, তাঁরা নির্বাচিত হওয়ার পরই ঢাকা সিটি করপোরেশনের নির্বাচন শুরু হয়। এ কারণে তিন মাসের কর্মকাণ্ড থেমে থাকে। পরে শুরু হয় দেশের জাতীয় নির্বাচন। তখন আবারও বিভিন্ন মন্ত্রণালয় ও সরকারি দপ্তরে তাঁদের কাজগুলো তিন মাসের মতো আটকে যায়। ছয় মাসের এই বাধা উপেক্ষা করেও কাজ করে গেছেন তাঁরা।

লাভলু বললেন, ‘নানা বাধার পরও প্রথম বছরে বেশির ভাগ কাজেই আমরা সফল ছিলাম। টেলিভিশন মিডিয়ার আন্তসাংগঠনিক যে শক্ত ভিত দরকার, সেটা আমরা তৈরি করতে পেরেছি। সংগঠন হিসেবে আমরা মন্ত্রণালয়ের অন্তর্ভুক্তি করতে পেরেছি। নির্মাতাদের জন্য হাসপাতালে সুবিধা, দেশের যেকোনো জায়গায় শুটিংয়ে গেলে পুলিশের বিশেষ সুবিধাসহ আরও বেশ কিছু সুবিধা নিশ্চিত করেছি।’

ডিরেক্টরস গিল্ডের শপথ অনুষ্ঠান

বিদায়ী বছরজুড়ে তাঁদের বেশ কিছু পরিকল্পনা থাকলেও করোনার কারণে সম্ভব হয়নি। করোনার মধ্যে সাংগঠনিকভাবে তাঁরা নির্মাতাদের পাশে থাকার চেষ্টা করেছেন। এই সময়ে বেশ কিছু পরিচালক অর্থনৈতিক সংকটে পড়েন। সংগঠন থেকে সেসব নির্মাতাদের সহযোগিতা করা হয়েছে বলেও জানালেন সালাউদ্দিন লাভলু। তিনি জানালেন, নির্মাতাদের কল্যাণ তহবিলসহ কিছু কাজ করার ইচ্ছা থাকলেও করোনা ও সময়ের অভাবে করতে পারেননি।

সালাহউদ্দিন লাভলু
ছবি : সংগৃহীত

আগামী ৯ জানুয়ারি ডিরেক্টরস গিল্ডের সাধারণ সভা অনুষ্ঠিত হবে। সেখানে পরবর্তী কমিটির নির্বাচনের প্রস্তুতির জন্য একটি কার্যকরী কমিটি গঠনের সিদ্ধান্ত হবে। তারপরই নতুন কমিটির হাতে দায়িত্ব বুঝে দেবেন ডিরেক্টরস গিল্ডের সভাপতি সালাউদ্দিন লাভলু ও এস এ হক অলিক।