যেন থ্রিলারের ঘোরে আজাদ আবুল কালাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফুল, ভ্রমর ও আততায়ী নাটকের দৃশ্যে আজাদ আবুল কালাম ও শশী
ফুল, ভ্রমর ও আততায়ী নাটকের দৃশ্যে আজাদ আবুল কালাম ও শশী

ভোরের আলো ফুটে ওঠার আগেই শেষ করতে হবে কাজ। সেই তাড়ায় ব্যস্ত শুটিংয়ের পুরো দল। একে তো রেলস্টেশনের মতো হট্টগোলে ভরা জায়গা, তার ওপর হাড়কাঁপানো শীত। সব মিলিয়ে ফুল, ভ্রমর ও আততায়ী নাটকের শুটিং নাকি বেশ দুঃসাধ্যই ছিল। জানালেন নাটকটির অভিনয়শিল্পী আজাদ আবুল কালাম। ইদানীং তিনি যেন আছেন থ্রিলারের ঘোরে। নিজে বানাচ্ছেন থ্রিলার ছবি, আবার কাজও করছেন থ্রিলার নাটকে। সেই নাটক নিয়েই কথা বলেন তিনি। জানালেন, নতুন এই থ্রিলার নাটকে অভিনয়ের অভিজ্ঞতা বেশ ভালো ছিল।
ফুল, ভ্রমর ও আততায়ী নাটকটি রচনা ও পরিচালনা করেছেন হুমায়ুন রশীদ। গল্পের ভাবনা রফিক নটবরের। আজাদ আবুল কালাম এতে অভিনয় করেছেন এক ভাড়াটে খুনির চরিত্রে। একটি রেলস্টেশনে ‘রাহেলা’ নামের এক মেয়ের সঙ্গে এক রাতের কথোপকথন আর নানা ঘটনা নিয়েই পুরো নাটকটি। এতে রাহেলা চরিত্রে অভিনয় করেছেন শশী।
এক রাতের ঘটনার এক ঘণ্টার এই নাটকটি তৈরিতে সময় লেগেছে দুই রাত। ছোট কয়েকটি দৃশ্যের কাজ হয়েছে দিনের আলোয়। পুবাইল রেলস্টেশনে হয়েছে পুরো নাটকের শুটিং। পরিচালক জানান, শিগগিরই একটি টিভি চ্যানেলে প্রচারিত হবে এই নাটক।
ফুল, ভ্রমর ও আততায়ী নিয়ে কথা হয় অভিনেতা আজাদ আবুল কালামের সঙ্গে। তিনি বলেন, ‘শুটিং লোকেশনে মানুষের ভিড়, বৈরী আবহাওয়া—সব মিলিয়ে কাজটি করতে খুব কষ্ট হয়েছে। কিন্তু সবার সহযোগিতায় ভালোভাবেই শেষ হয়েছে কাজটি। এবার বাকিটা প্রচারের পর বলা যাবে।’
আজাদ আবুল কালাম নিজেও কিন্তু অসুখের নাম ভালোবাসা নামে একটি থ্রিলার সিনেমা তৈরির কাজ হাতে নিয়েছেন। এরই মধ্যে কিছু অংশের কাজ সেরেও ফেলেছেন তিনি। তবে আসছে মার্চ থেকে পুরোদমে শুটিং শুরু করতে চান তিনি। এখন চলছে প্রযোজকের খোঁজ। আজাদ আবুল কালাম বলেন, ‘প্রযোজক পেয়ে গেলেই নেমে পড়ব ছবি বানাতে।’
তা হলে কি এখন থ্রিলার নাটকে কাজ করে প্রস্তুতি নিচ্ছেন নিজের চলচ্চিত্রের, নাকি এটা কাকতালীয়? এমন প্রশ্ন ছুড়ে দিলে আজাদ আবুল কালাম বলেন, ‘না না। এটা প্রস্তুতি নয়, কাকতালীয়ও নয়। গল্প ভালো লাগার কারণেই কাজ করা।’